আখাউড়ায় অ্যালকো-ক্যামব্রিয়ান স্কলারশিপের বৃত্তি প্রদান
বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
অ্যালকো-ক্যামব্রিয়ান স্কলারশিপ পরীক্ষায় অংশগ্রহনকারি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে শিশু শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আটজনকে বৃত্তি ও ৭৬ জনকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক হাজারী। বিশেষ অতিথি ছিলেন কলেজ শাখার কো-অর্ডিনেটর সোলেমান কবির ও স্কুল শাখার কো-অর্ডিনেটর সাবিকুন্নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আনোয়ার হোসেন।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের অ্যালকো-ক্যামব্রিয়ান স্কলারশিপ পরীক্ষায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আশুগঞ্জ ও আখাউড়াসহ বিভিন্ন এলাকার ১৫টি কেন্দ্রে মোট ৫৪ হাজার ৪৮৯ জন শিক্ষার্থী নিবন্ধন করে।
এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৪ হাজার ৭২৩ জন। বৃত্তি পেয়েছে ৮১২ জন। আখাউড়া কেন্দ্রে নিবন্ধন করে চার হাজার ৪ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় এক হাজার ৭৪৬ জন। তাদের মধ্যে ৯২ জন বৃত্তি অর্জন করে। শনিবার অন্যান্য শ্রেণির বৃত্তি দেওয়া হবে।
