×

চট্টগ্রাম

আখাউড়া সীমান্ত

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

ছবি: সংগৃহীত

মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন সীমান্ত এলাকায় অপরাধীদের গতিবিধি শনাক্ত করতে ব্যবহার করা হচ্ছে থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট ও সিসি ক্যামেরা। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও যৌথ অভিযান।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত কুমিল্লা সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে ৯৩০ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৮৯০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় আটক করা হয়েছে ১৫৫ জনকে।

সোমবার (১৬ নভেম্বর) আখাউড়ায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। এ সময় বিজিবির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিও দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা সেক্টরের অধীন চারটি ব্যাটালিয়ন প্রায় ৩২৭ কিলোমিটার সীমান্তে দায়িত্ব পালন করছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এসব এলাকায় সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জনবল বাড়ানোর পাশাপাশি নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন ও রাতে অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে। অপরাধী, মামলার পলাতক আসামি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকারীদের শনাক্ত ও প্রতিরোধে সদস্যদের সতর্ক রাখা হয়েছে। মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে চালানো হচ্ছে যৌথ অভিযান।

বিশেষ করে দুর্গম সীমান্ত এলাকায় অপরাধীদের গতিবিধি শনাক্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। নাইট ভিশন বাইনোকুলার ও সার্চলাইটের পাশাপাশি থার্মাল ড্রোন এবং সিসি ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। ফলে রাতের অন্ধকারেও সীমান্তের সন্দেহজনক গতিবিধি শনাক্ত করা সহজ হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

এ ছাড়া অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক পাচার ও চোরাচালান চক্রের তৎপরতা শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী যেসব বাড়িতে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে, সেসব বাড়ির ওপরও নজর রাখা হচ্ছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিজিবি। কোনো সন্দেহজনক ব্যক্তি বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, প্রায় ১০ মাসে কুমিল্লা সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে আটটি ম্যাগাজিনসহ চারটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ইয়াবা, বিদেশি মদ, ইস্কাফ, গাঁজা ও বিয়ার। অন্যান্য চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৮৬৬ কোটি টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের মূল্য ৯৩০ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৮৯০ টাকা। এসব ঘটনায় আটক ১৫৫ জনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী ১৫৩৭

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী ১৫৩৭

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

আখাউড়া সীমান্ত অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক

পরীমনির বিরুদ্ধে মাদক মামলার শুনানি পেছাল

পরীমনির বিরুদ্ধে মাদক মামলার শুনানি পেছাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App