পানির ট্যাংকে লুকানো প্রায় ১৩’শ লিটার ডিজেল জব্দ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০২:১৭ পিএম
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পানির ট্যাংকে লুকিয়ে রাখা ১ হাজার ২৯৭ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি মজুদ রাখার দায়ে ব্যবসায়ী শাহাদত হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার চরিয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে একটি দোকানে অভিযান চালিয়ে পানির ট্যাংকের ভেতর থেকে ডিজেল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা এনডিসি মো. আখিরুজ্জামান।
অন্যদিকে, একই রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার কামালেরচকে পৃথক অভিযানে লাইসেন্স নবায়ন না থাকায় ‘মেসার্স হাজি অ্যান্ড সন্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, পেট্রোলিয়াম এজেন্সির লাইসেন্স হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
