×

জাতীয়

এবার আওয়ামী লীগকে ঠেকাতে বিরোধী জোটের নতুন ছক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ পিএম

এবার আওয়ামী লীগকে ঠেকাতে বিরোধী জোটের নতুন ছক

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ কার্যকরের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব। এ দাবিতে ইতোমধ্যেই লংমার্চসহ দেশজুড়ে একাধিক কর্মসূচি পালন করেছে তারা। এমনকি এ ইস্যুতে প্রয়োজনে সংসদ বর্জন বা সংসদ থেকে পদত্যাগেরও চিন্তাভাবনা ছিল।

তবে আগামী ডিসেম্বর সামনে রেখে দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের মুখে সেই চিন্তা থেকে আপাতত সরে আসছে বিরোধী জোট। দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে এমন অবস্থানের কথা জানা গেছে।

জুলাই সনদ নিয়ে কোনো ছাড় নয়

তারা বলছেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে জোরালোভাবে মাঠে থাকার পাশাপাশি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সরকারকে বাধ্য করতে চায় বিরোধীরা। তবে আওয়ামী নৈরাজ্য ঠেকানোর বৃহত্তর স্বার্থে আপাতত সরকারের পাশে থাকলেও, দীর্ঘমেয়াদে জুলাই সনদ নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাত থেকে আট মাস ধরে আন্দোলন করে আসছি। বিএনপি সরকার মুখে বলছে জুলাইকে তারা ধারণ করে। কিন্তু জুলাইয়ের সবচেয়ে বড় যে আকাঙ্ক্ষা ছিল, অর্থাৎ রাষ্ট্রব্যবস্থার সংস্কার সেখানে তারা ভিন্ন পথে হাঁটছে। গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় জামায়াত। এ জন্য আমরা আরও বড় পরিসরের কর্মসূচির কথা ভাবছি।’

ছয় দফা পরিণত হবে এক দফায়

দেশের বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ‘জামায়াত মনে করে জনগণকে সঙ্গে নিয়ে এই দাবিগুলো আদায় করা যাবে। এত কিছুর পরও সরকার যদি ভিন্ন পথে হাঁটে, তাহলে আমাদের চলমান ছয় দফা এক দফায় পরিণত হবে।’

একই রকম মত দিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য আতিক মুজাহিদ। তিনি বলেন, ‘গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে সরকারের ওপর চাপ বাড়াতে আমাদের সংসদীয় কমিটির নেতৃত্বে একটা সংস্কার কমিটি কাজ করছে। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে আমরা কাজ করে যাব। গণভোটের গণরায় বাস্তবায়নের ক্ষেত্রে মানুষের উদ্বেগকে প্রাধান্য দেওয়া হবে। প্রয়োজনে বিরোধী দল সংসদ বর্জন করবে।’

জামায়াতে ইসলামীর মজলিশে শূরা সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম বলেন, ‘জুলাই সনদ বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত আকাঙ্ক্ষার জায়গা। এটি উপেক্ষা করা মানে জনগণের সঙ্গে বড় ধরনের প্রহসন। গণরায়ের প্রতি শ্রদ্ধার জায়গা থেকেই জামায়াত এ ব্যাপারে অনড় অবস্থান নিয়েছে।’

সরকারকে ছাড় দেওয়া হবে না

শেরপুর-১ (সদর) আসনের এই সংসদ সদস্য বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় কৌশলগতভাবে কিছুটা নমনীয় হলেও দীর্ঘমেয়াদে জুলাই সনদ ইস্যুতে সরকারকে ছাড় দেওয়া হবে না। এটি মানতে তাদের বাধ্য করা হবে। প্রয়োজনে সংসদ বর্জন করা হবে। তবে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে পিছু হটার কোনো সুযোগ নেই।

জুলাই সনদ বাস্তবায়ন না করা হলে সংসদের পাশাপাশি রাজপথেও জোরালো আন্দোলন গড়ে তোলা জরুরি বলে মনে করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। তিনি বলেন, ‘সরকার যদি বিরোধী দলের কোনো কথা না শোনে, জন-আকাঙ্ক্ষা পূরণ না করে, তাহলে বিরোধী দল কি ব্ল্যাঙ্ক চেক দেবে সরকারকে? মোটেই না। সংবিধান সংস্কার পরিষদকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধন করা হলে সংসদের পরবর্তী অধিবেশন থেকে বিরোধী দল ওয়াকআউট করবে।’

গণভোটের রায় বাস্তবায়ন হলে সরকারের পাশে থাকবে জামায়াত

গণভোটের রায় বাস্তবায়ন হলে রাষ্ট্রীয় প্রয়োজনে বিএনপি সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এদিকে দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি, রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। আগামী ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করবে দলটি। ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক সংসদ সদস্য জানিয়েছেন, সরকার জুলাই সনদ না মানলে সংসদ থেকে একযোগে পদত্যাগের চিন্তা থাকলেও এখন সেই বাস্তবতা নেই। কেননা, এই মুহূর্তে পদত্যাগ করলে সরকার যতটা না চাপে পড়বে, তার চেয়ে বেশি সুবিধা পাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদেরকে এই সুযোগ করে দেওয়া যাবে না।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠক

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

একই দিন সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।

সূত্র- এশিয়া পোস্ট

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

এবার আওয়ামী লীগকে ঠেকাতে বিরোধী জোটের নতুন ছক

এবার আওয়ামী লীগকে ঠেকাতে বিরোধী জোটের নতুন ছক

১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ৫০ একর জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ৫০ একর জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

শ্যামলীতে ৪টি ককটেলসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

শ্যামলীতে ৪টি ককটেলসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App