ক্রিকেট র্যাঙ্কিং
শরিফুলের রেকর্ডে বড় লাফ, এগোলেন মুশফিক-মিরাজও
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে বল হাতে উজ্জ্বল ছিলেন শরিফুল ইসলাম। স্বাগতিকদের বিপক্ষে ইতিহাস গড়া বোলিংয়ের পুরস্কার মিলেছে আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে।
বুধবার (২৬ আগস্ট) ছেলেদের ক্রিকেটের সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। বোলারদের তালিকায় ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন শরিফুল। একই সঙ্গে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিমের।
ম্যাকাই টেস্টে মাত্র ৪৮ রানে ৭ উইকেট শিকার করেন শরিফুল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেসারদের মধ্যে এটিই সেরা বোলিং ফিগার। দেশের বাইরেও বাংলাদেশের কোনো বোলারের এটিই সেরা বোলিং পারফরম্যান্স।
দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে উঠেছেন বাঁহাতি পেসার। তার রেটিং পয়েন্ট এখন ৪০৩। রেটিং ও র্যাঙ্কিং—দুটিই শরিফুলের ক্যারিয়ারের সেরা।
আরও পড়ুন: এশিয়া কাপের প্রস্তুতিতে পুরুষ দলের বিপক্ষে খেলল পাকিস্তান নারী দল
বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। তবে বাংলাদেশের অন্য বোলারদের বেশিরভাগেরই অবনতি হয়েছে। দুই ধাপ পিছিয়ে তাইজুল ইসলাম নেমে গেছেন ১৩ নম্বরে।
ডারউইন টেস্টে উজ্জ্বল পারফরম্যান্স করলেও ম্যাকাইয়ে বিবর্ণ ছিলেন হাসান মাহমুদ। ফলে ৯ ধাপ পিছিয়ে তিনি এখন ৪৭ নম্বরে। তাসকিন আহমেদ দুই ধাপ পিছিয়ে ৫১ নম্বরে এবং সিরিজে না থাকা নাহিদ রানা দুই ধাপ পিছিয়ে ৬২ নম্বরে নেমেছেন।
অন্যদিকে, বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দেওয়ার পর ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
আরও পড়ুন: ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, পাকিস্তান সরকারকে গাভাস্কার-কপিলদের চিঠি
ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে অবশ্য কোনো পরিবর্তন নেই। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এক ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন মুশফিকুর রহিম। নাজমুল হোসেন শান্ত ধরে রেখেছেন ২০ নম্বর অবস্থান।
তবে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হওয়ার খেসারত দিতে হয়েছে লিটন কুমার দাসকে। ছয় ধাপ পিছিয়ে তিনি নেমে গেছেন ৩৪ নম্বরে। আর পাঁচ ধাপ অবনতি হয়ে মুমিনুল হক এখন আছেন ৩৬ নম্বরে।
