অবৈধ যৌন ওষুধ তৈরি, কারাগারে এনসিপি নেতা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি: সংগৃহীত
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ ও বেবি জেলসহ বিভিন্ন পণ্য উৎপাদনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
মো. বায়েজিদ হোসেন শাহেদ এনসিপির ফরিদপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিষয়টি নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো বলেন, ‘গত মঙ্গলবার সন্ধ্যার দিকে গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক এলাকায় শাহেদের মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিতে অভিযান চালায় জেলা প্রশাসন। ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬/১ ধারা লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।’
আরো পড়ুন: হামের উপসর্গে আরো ৫ জনের মৃত্যু
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘২০২২ সালের সেপ্টেম্বর থেকে কারখানাটি পরিচালনা করে আসছিলেন এনসিপি নেতা শাহেদ। সেখানে শিশুদের জন্য বেবি জেল, প্রাপ্তবয়স্কদের বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হতো।’
অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগ ওঠে।
এ বিষয়ে ফরিদপুর জেলা এনসিপির সদস্যসচিব সাইফ হাসান খান বলেন, ‘অন্যায়ের সঙ্গে দলের কোনো আপস নেই। দলের কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খোঁজখবর নিয়ে কেন্দ্রে জানানো হবে।’
