বিশ্ববাজারে ১ মাসের মধ্যে স্বর্ণের দাম সর্বোচ্চ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৩:১৫ পিএম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরো বেড়েছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরো বেড়েছে। শুক্রবার (৫ জুলাই) নিরাপদ আশ্রয় ধাতুটির দর ১ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বিদায়ী জুনে বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রে শ্রমবাজা আরো শক্তিশালী হয়েছে। ফলে আগামী সেপ্টেম্বরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা জোরালো হয়েছে। পরিপ্রেক্ষিতে বুলিয়ন বাজার চাঙা হয়েছে।
আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর বেড়েছে ১৫২ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২৩৯২ ডলার ০২ সেন্টে। সবমিলিয়ে চলতি সপ্তাহে বুলিয়নের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ২ শতাংশ।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দরে উত্থান ঘটেছে ১ দশমিক ২৩ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২৩৯৮ ডলার ৫০ সেন্টে।
আরো পড়ুন: রপ্তানি হিসাব থেকে ২৩ বিলিয়ন ডলার উধাও, বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যায় দায়ী যারা
নিউইয়র্কভিত্তিক স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওয়াঙ বলেন, বিশ্ববাজারে এখন গত ১ মাসের মধ্যে সর্বাধিক দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। মার্কিন শ্রমবাজার চাঙা হয়েছে। ফলে আসছে সেপ্টেম্বরে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা জোরালো হয়েছে। এতে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
তিনি বলেন, যদি ফেড সেপ্টেম্বরে সুদের হার কমানো শুরু করে, তাহলে আউন্সে স্বর্ণের দর আবারো ২৪৫০ ডলারে উঠে আসবে। সর্বকালে যা হবে সর্বোচ্চ।
গত মাসে যুক্তরাষ্ট্রে ২ লাখ ৬ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। প্রত্যাশার চেয়ে যা বেশ বেশি। আভাস ছিল, আলোচিত সময়ে ১ লাখ ৯০ হাজার জনের চাকরি হবে।
