বিনিয়োগ ও সংস্কারে বাংলাদেশের জন্য এডিবির নতুন বার্তা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম
ছবি : সংগৃহীত
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং বাংলাদেশে পাঁচ দিনের সরকারি সফর শেষ করেছেন। সফর শেষে আগামী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস), নীতিগত সংস্কার, অগ্রাধিকারভিত্তিক বিনিয়োগ এবং সমন্বিত বৃদ্ধি নেটওয়ার্ক উন্নয়ন (আইজিএনডি) উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সফর শেষে এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ইসিতে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র
সফরকালে এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং বলেন, বাংলাদেশ তার উন্নয়নযাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। এ সময়ে দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা এবং অর্থনীতির প্রতিরোধক্ষমতা শক্তিশালী করার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশ ও এডিবির আলোচনায় দুই পক্ষের অংশীদারত্বের দৃঢ়তা আবারও স্পষ্ট হয়েছে। একই সঙ্গে কৌশলগত অঙ্গীকারগুলোকে পর্যায়ক্রমে সংস্কার, লাভজনক বিনিয়োগ এবং কার্যকর বাস্তবায়নে রূপ দেওয়ার প্রয়োজনীয়তাও উঠে এসেছে।
আরও পড়ুন: চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
এডিবির এই উদ্যোগের অংশ হিসেবে সরকার পরিচালিত আইজিএনডি সংস্কার, বিনিয়োগ ও প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত করে বিভিন্ন অঞ্চলে নতুন সুযোগ তৈরি, যোগাযোগব্যবস্থা ও উৎপাদনশীলতা বাড়ানো এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলে জানান তিনি।
গত মে মাসে এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার বাংলাদেশ সফরের ধারাবাহিকতায় ইংমিং ইয়াংয়ের এবারের সফর অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে আগের সফরে অর্জিত অগ্রগতিকে আরও এগিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার ও এডিবি যৌথভাবে আইজিএনডি উদ্যোগের আওতায় বছরে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলারের বেশি বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিত করেছে। এ নিয়ে বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪
সফরকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এডিবির ভাইস প্রেসিডেন্ট। বৈঠকে ব্যাংকিং খাত ও পুঁজিবাজারের উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া চট্টগ্রামে আয়োজিত আইজিএনডি-সংক্রান্ত জাতীয় সেমিনারে মূল বক্তব্য দেন ইংমিং ইয়াং। সেখানে তিনি বলেন, অবকাঠামো, লজিস্টিকস, জ্বালানি, নগর উন্নয়ন ও মানবসম্পদে সমন্বিত বিনিয়োগ উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি মানসম্মত কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পাঁচ দিনের সফরে ইংমিং ইয়াং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে পৃথক বৈঠক করেন।
আরও পড়ুন: ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ, তদন্তে কমিটি
এসব বৈঠকে চট্টগ্রামকে দেশের প্রধান সামুদ্রিক ও অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলা, ডিজিটাল রূপান্তর এবং জলবায়ুসহনশীল বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
চট্টগ্রাম সফরের সময় তিনি এডিবির সহায়তায় পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।
সফরের পুরো সময় ইংমিং ইয়াংয়ের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংসফেন ঝাং।
