চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে চলতি আগস্ট মাসে আরও পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এসব কার্গোতে মোট প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি থাকবে।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) একেএম মিজানুর রহমান বলেন, ‘গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে আগস্ট মাসে আরও পাঁচ কার্গো এলএনজি নিশ্চিত করা হয়েছে। এগুলো স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় কেনা হয়েছে।’
আরও পড়ুন: ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ, তদন্তে কমিটি
তিনি জানান, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে তিন ধরনের উৎস থেকেই নিয়মিত এলএনজি আমদানি করা হচ্ছে। প্রতিটি কার্গোতে গড়ে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।
মিজানুর রহমান আরও জানান, আগস্ট মাসে সব মিলিয়ে নয় কার্গো এলএনজি আমদানি করা হবে। এরই মধ্যে চার কার্গো দেশে পৌঁছেছে। বাকি পাঁচ কার্গো চলতি মাসেই দেশে আসবে। সব মিলিয়ে নয় কার্গোতে এলএনজির পরিমাণ হবে প্রায় ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ।
পেট্রোবাংলা সূত্র জানায়, আগস্টের জন্য দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় একটি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় পাঁচটি এবং স্পট মার্কেট থেকে তিনটি কার্গো এলএনজি কেনা হয়েছে। বাকি চালানগুলো ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ আগস্ট দেশে পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুন: ইসিতে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র
এর আগে গত জুলাইয়ে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়। এসব চালানে এলএনজির পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, কাতারভিত্তিক কাতার এনার্জি এবং ওমান সরকারের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ করে।
আরও পড়ুন: পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ করছে।
উল্লেখ্য, প্রতি মাসে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন নিয়ে স্পট মার্কেট থেকেও এলএনজি কার্গো সংগ্রহ করে সরকার।
