×

অর্থনীতি

নতুন পে-স্কেলে সম্ভাব্য বেতন তালিকা, প্রজ্ঞাপনের অপেক্ষা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:১৪ পিএম

নতুন পে-স্কেলে সম্ভাব্য বেতন তালিকা, প্রজ্ঞাপনের অপেক্ষা

ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের নতুন জাতীয় বেতন কাঠামো বা পে-স্কেল অনুমোদনের জন্য আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হতে পারে। ওইদিন অনুমোদন মিললে আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহের মধ্যেই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হতে পারে। এ লক্ষ্যে খসড়া চূড়ান্ত করে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে।

তবে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা চূড়ান্ত খসড়ায় বেতন-ভাতা কত শতাংশ বাড়ানো হচ্ছে, সে বিষয়ে অর্থ বিভাগের কর্মকর্তারা কোনো তথ্য জানাননি।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় তা ঘোষণা করা হতে পারে। এর আগে ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, নবম বেতন কমিশনের সুপারিশ নিয়ে কাজ চলছে এবং প্রক্রিয়া শেষ হলে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

আরও পড়ুন: পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

সম্ভাব্য বেতন কাঠামো

চূড়ান্ত প্রজ্ঞাপন এখনো প্রকাশিত হয়নি। ফলে নিচের গ্রেডভিত্তিক বেতনকে সম্ভাব্য বা প্রস্তাবিত কাঠামো হিসেবে বিবেচনা করতে হবে। সরকারি গেজেট প্রকাশের পরই চূড়ান্ত বেতন কাঠামো নিশ্চিত হবে।

গ্রেড সম্ভাব্য মূল বেতন

১ম ১,৬০,০০০ টাকা (নির্ধারিত)

২য় ১,৩২,০০০–১,৫৩,০০০ টাকা

৩য় ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা

৪র্থ ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা

৫ম ৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা

৬ষ্ঠ ৭১,০০০–১,৩৪,০০০ টাকা

৭ম ৫৮,০০০–১,২৬,৮০০ টাকা

৮ম ৪৭,২০০–১,১৩,৭০০ টাকা

৯ম ৪৫,১০০–১,০৮,৮০০ টাকা

১০ম ৩২,০০০–৭৭,৩০০ টাকা

১১তম ২৫,০০০–৬০,৫০০ টাকা

১২তম ২৪,৩০০–৫৮,৭০০ টাকা

১৩তম ২৪,০০০–৫৮,০০০ টাকা

১৪তম ২৩,৫০০–৫৬,৮০০ টাকা

১৫তম ২২,৮০০–৫৫,২০০ টাকা

১৬তম ২১,৯০০–৫২,৯০০ টাকা

১৭তম ২১,৪০০–৫১,৯০০ টাকা

১৮তম ২১,০০০–৫০,৯০০ টাকা

১৯তম ২০,৫০০–৪৯,৬০০ টাকা

২০তম ২০,০০০–৪৮,৪০০ টাকা

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের কর্মকর্তাদের সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা হতে পারে।

দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ দিতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সচিব কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। এটি দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার প্রস্তাব রয়েছে।

আরও পড়ুন: মালয়েশিয়ার শ্রমবাজারে সুখবর, কর্মী পাঠানোর অনুমতি পেল ৩৩৮ এজেন্সি

এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ওই কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল।

কমিশনের সুপারিশে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়। চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়।

বাজেটে বরাদ্দ ১ লাখ ৪১ হাজার কোটি টাকা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট বরাদ্দ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।

তবে প্রস্তাবিত বেতন কাঠামোর সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা এবং সুযোগ-সুবিধা যুক্ত হলে একজন সরকারি কর্মচারীর মোট মাসিক আয় কত দাঁড়াবে, তা চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশের পরই নিশ্চিত হওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেন রজনীকান্তের সঙ্গে কাজ করতে চাননি অমরীশ পুরী?

কেন রজনীকান্তের সঙ্গে কাজ করতে চাননি অমরীশ পুরী?

রাষ্ট্রের প্রান্তে নির্বাসিত নাগরিকেরা

রাষ্ট্রের প্রান্তে নির্বাসিত নাগরিকেরা

নতুন পে-স্কেলে সম্ভাব্য বেতন তালিকা, প্রজ্ঞাপনের অপেক্ষা

নতুন পে-স্কেলে সম্ভাব্য বেতন তালিকা, প্রজ্ঞাপনের অপেক্ষা

গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App