×

জাতীয়

পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:১৮ পিএম

পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামো বা পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি কবে থেকে এবং কত ধাপে কার্যকর হবে, সে বিষয়ে শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নতুন পে স্কেলের অগ্রগতি, অর্থসংস্থান ও দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, নতুন বেতনকাঠামো নির্ধারণে সাধারণত তিনটি পর্যায়ে কাজ করা হয়। এরই মধ্যে পে সার্ভিস কমিশন ও সশস্ত্র বাহিনীর পে কমিটি তাদের সুপারিশ দিয়েছে। সচিব কমিটি এসব সুপারিশ পর্যালোচনা করে মতামত পাঠিয়েছে।

এ ছাড়া জুডিশিয়াল পে কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটিও কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট কাজ শেষ হলে পুরো প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এরপর মন্ত্রিসভাই পে স্কেল বাস্তবায়নের সময়সীমা ও ধাপ নির্ধারণ করবে।

উপদেষ্টা বলেন, নতুন বেতনকাঠামোর সঙ্গে প্রায় ১৪ লাখ নিয়মিত সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীসহ প্রায় ২০ লাখ মানুষের স্বার্থ জড়িত। তবে শুধু বেতন বাড়ালেই দুর্নীতি পুরোপুরি বন্ধ হবে সরকার এমন দাবি করছে না। বরং একটি যৌক্তিক ও কার্যকর বেতন কাঠামো তৈরি করাই মূল লক্ষ্য।

সরকারি ও বেসরকারি খাতের বেতনকাঠামো সরাসরি তুলনা করা ঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, কাজের ধরন, দায়িত্ব ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়েই বেতন কাঠামো নির্ধারণ করতে হয়।

পে স্কেলের অর্থের সংস্থান যেভাবে

নতুন বেতনকাঠামো বাস্তবায়নে অতিরিক্ত অর্থের সংস্থান প্রসঙ্গে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অতিরিক্ত করের চাপ না বাড়িয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের পরিধি বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য।

প্রয়োজনে ঋণ নেওয়ার বিষয়টিকেও স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন তিনি। তবে ঋণের সুদের হার, শর্ত, পরিশোধের সময়সীমা এবং মোট ঋণ জিডিপির কত শতাংশ—এসব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

একই সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা।

শীতে জ্বালানি পরিস্থিতির উন্নতির আশা

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, আসন্ন শীতে পরিস্থিতির উন্নতি হবে এবং আগামী গ্রীষ্মে আরও দৃশ্যমান অগ্রগতি আসবে।

এ ছাড়া ২০২৯ সালের মধ্যে বড় অর্থনীতির উপযোগী দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক বাজারে এলএনজি সরবরাহে জটিলতার পেছনে বৈশ্বিক সংকট ও হরমুজ প্রণালির পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, কাতারের পাশাপাশি অন্যান্য উৎস ও বিকল্প পরিবহন পথ খোঁজা হচ্ছে।

ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবিলায় খাদ্যের মতো জ্বালানিরও ‘বাফার মজুত’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী নভেম্বর নাগাদ সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানের জন্য নতুন ব্লকের দরপত্র আহ্বানের পরিকল্পনা রয়েছে বলেও জানান উপদেষ্টা।

বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি আমদানির ক্ষেত্রে ‘নো পাওয়ার, নো পে’ নীতি কঠোরভাবে অনুসরণের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারত-পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন

ভারত-পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন

পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

রাষ্ট্রপতির শপথ ঘিরে কাল বন্ধ থাকবে যেসব সড়ক

রাষ্ট্রপতির শপথ ঘিরে কাল বন্ধ থাকবে যেসব সড়ক

স্বাধীন বাংলাদেশের ১৯ রাষ্ট্রপতি, কে ছিলেন কতদিন?

স্বাধীন বাংলাদেশের ১৯ রাষ্ট্রপতি, কে ছিলেন কতদিন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App