প্রথমবারের মত একসঙ্গে শুভ-পায়েল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৩৭ এএম
ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। দীর্ঘ প্রতিক্ষার পর এবার তাকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। জাহিদ প্রীতমের পরিচালিত ‘হ্যাপিলি ম্যারিড’ নামে একটি ওয়েব ফিল্মে কাজ করবেন এই অভিনেত্রী। এই ফিল্মটিতে পায়েলের বিপরীতে রয়েছেন বাংলাদেশের টল এবং হ্যান্ডসাম জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ। কেয়া পায়েলের ওটিটতে যেমন এটা প্রথম কাজ, ঠিক তেমন প্রথমবারের মতো শুভর সাথে জুটি বাঁধছেন তিনি।
সিনেমাটির গল্প নির্মাণ করেছে বর্তমান যুগের এক জটিল মনস্তাত্ত্বিক ও সামাজিক টানাপোড়েনকে কেন্দ্র করে। সিনেমাটিতে শুভকে দেখা যাবে সহজ-সরল, সৎ যুবক আনিস হিসেবে। অন্যদিকে পায়েল উচ্চবিত্ত ও আধুনিক শহুরে সংস্কৃতির চাদরে মোড়ানো তরুণী অনামিকা- যার স্বপ্ন সোশ্যাল মিডিয়ার রোমাঞ্চ, সেলিব্রিটি ফ্যান্টাসি এবং ভার্চুয়াল জগতের মোহনীয় রঙিন দুনিয়াকে ঘিরে।
আরো পড়ুন: বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার
সিনেমাটির নির্মাতা জানান, সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকে হ্যাপিলি ম্যারিড ওয়েব ফিল্মে এক সুতোয় বাঁধা হয়েছে।
জাহিদ প্রিতম আরো জানান, ‘কাছাকাছি সময়ের ভিন্ন অবস্থানের দুজন মানুষের গল্প এটা। তারা তাদের ব্যক্তিসত্তা, পরিবার, সমাজ ও সম্পর্ক নিয়ে কী ভাবেন, তার প্রতিফলন পাওয়া যাবে ফিল্মে। আমি আশাবাদী যে দর্শকদের মধ্যে একটা উপলব্ধি আমি তৈরি করতে পারব।’
এদিকে আরেফিন শুভ নিজের চরিত্র নিয়ে বলেন, তাঁর অভিনীত চরিত্রটি মফস্বলের দায়িত্বশীল এক যুবকের, যার পৃথিবীজুড়েই রয়েছে পরিবার, ছোট ভাইবোন ও প্রিয় মানুষেরা।
পর্দায় দর্শকেরা সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে আমাকে সেভাবে দেখা যাবে না। একেবারেই ভিন্নধর্মী একটি চরিত্র, তবে দর্শকদের ভালো লাগবে বলেই আশা প্রকাশ করেছেন অভিনেতা।
আরো পড়ুন: নেটিজেনদের সমালোচনার জবাব দিলেন ঋতুপর্ণা
অভিনেত্রী কেয়া পায়েল তাঁর চরিত্র সম্পর্কে জানান, ‘আমার চরিত্রটা প্রেমে পড়ার মতো। চরিত্রটির অনেক লেয়ার আছে। সব মিলিয়ে আমার মনে হয়েছে, দর্শক আমাকে নানা সময়ে নানা চরিত্রে দেখেছেন, এবার দেখবেন আরও একটি ভিন্ন আঙ্গিকের চরিত্রে।’
হ্যাপিলি ম্যারিড মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এটি চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের সপ্তম সিনেমা। সহ-প্রযোজক ছবিয়াল।
