চলে গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০১:৪৭ পিএম
ব্রেন্ডা ফ্রিকার। ছবি: সংগৃহীত
অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার মারা গেছেন। ‘মাই লেফট ফুট’ ও ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউইয়র্ক’ সিনেমায় অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই অভিনেত্রীর মৃত্যু হয় ১৬ জুলাই ডাবলিনে। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শুক্রবার (১৭ জুলাই) তার এজেন্টের পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
‘মাই লেফট ফুট’ সিনেমায় ক্রিস্টি ব্রাউনের মায়ের চরিত্রে অভিনয়ের জন্য ১৯৯০ সালে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার জেতেন ব্রেন্ডা। এর মাধ্যমে ইতিহাসের প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে একাডেমি অ্যাওয়ার্ড জয়ের কৃতিত্ব অর্জন করেন তিনি। সিনেমাটিতে তাঁর সহশিল্পী ছিলেন ড্যানিয়েল ডে-লুইস।
আরো পড়ুন: হুমকির মুখে বলিউড অভিনেতা আমির খান
তবে অভিনয়জীবনের সাফল্যের আড়ালে ব্রেন্ডার ব্যক্তিগত জীবন ছিল নানা যন্ত্রণা ও সংগ্রামে ভরা। সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী ‘শি ডায়েড ইয়াং: আ লাইফ ইন ফ্র্যাগমেন্টস’-এ তিনি জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন। কিশোরী বয়সে ধর্ষণের শিকার হওয়া, পরবর্তী জীবনে যৌন নিপীড়ন, শৈশবের নির্যাতন এবং মানসিক স্বাস্থ্যসংক্রান্ত নানা সমস্যার কথা জানিয়েছিলেন অভিনেত্রী।

বিয়ের সময় একাধিকবার গর্ভপাতের অভিজ্ঞতার মধ্য দিয়েও যেতে হয়েছিল তাঁকে। একটি গর্ভপাতের পর চিকিৎসকদের তাঁর জরায়ু অপসারণ করতে হয়। আত্মজীবনীতে এই অভিজ্ঞতার কথাও লিখেছেন তিনি। প্রায় সাত দশকের অভিনয়জীবনে ব্রেন্ডা ফ্রিকার ৯০টিরও বেশি চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় কাজ করেছেন। ‘হোম অ্যালোন ২’-এ তাঁর অভিনীত ‘পিজন লেডি’ চরিত্রটি দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়। এ ছাড়া ‘অ্যাঞ্জেলস ইন দ্য আউটফিল্ড’, ‘এ টাইম টু কিল’, ‘ভেরোনিকা গেরিন’ ও ‘আলবার্ট নোবস’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
আরো পড়ুন: অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
ব্যক্তিজীবনে দারুণ রসিক ও প্রচারবিমুখ ছিলেন এই অভিনেত্রী। ২০১৫ সালে এক নিবন্ধে ফ্রিকার লিখেছিলেন, ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের চেয়েও তিনি সম্ভবত বেশি গর্বিত ছিলেন যে তার নামটি ডাবলিনের ছড়ার ভাষায় ‘নিক্কার্স’ বা অন্তর্বাস অর্থে ব্যবহৃত একটি শব্দে পরিণত হয়েছিল।’ অস্কারের ট্রফিটি নিয়ে তার কোনো বাড়তি অহংকার ছিল না, এমনকি সেটি বসার ঘরের শেলফে সাজিয়ে রাখার আগে বেশ কিছুদিন নিজের ঘরের সিঙ্কের নিচে একটি প্লাস্টিকের শপিং ব্যাগে ফেলে রেখেছিলেন তিনি। ডাবলিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক ও তার ঘনিষ্ঠ বন্ধু গ্রেইন হামফ্রিসের মতে, ব্রেন্ডা ফ্রিকার ছিলেন আক্ষরিক অর্থেই এক অনন্য ও ব্যতিক্রমী ব্যক্তিত্ব।
ব্রেন্ডা ফ্রিকারের মৃত্যুতে শোক নেমে এসেছে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে। তাঁর এজেন্ট ফিল বেলফিল্ড তাঁকে স্মরণ করে বলেন, “আমরা তাঁর মতো কাউকে আর কখনও দেখতে পাব না।”
