বন্যাদুর্গতদের পাশে সালমান খান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের আসামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন বলিউড তারকা সালমান খান। নিজের দাতব্য সংস্থা ‘বিয়িং হিউম্যান’ এবং সালমান খান ফ্যান ক্লাব (এসকেএফসি) আসামের সমন্বয়ে তিনি ধাপে ধাপে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম মিডডে এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে মুম্বাইয়ে নতুন একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও সালমান নিয়মিত এসকেএফসি আসামের সঙ্গে যোগাযোগ রেখে ত্রাণ কার্যক্রমের পরিকল্পনা করছেন।
প্রথম ধাপে ‘বিয়িং হিউম্যান’ ও এসকেএফসি আসামের যৌথ উদ্যোগে শিবসাগর জেলায় প্রস্তুত খাবারের প্যাকেট বিতরণ শুরু হয়েছে। গুয়াহাটি থেকে পাঠানো এসব প্যাকেটে রয়েছে বিস্কুট, গুড়, চিড়া, মুড়ি, পাউরুটি, চিজ ও জ্যাম।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে অন্তত তিন দিনের খাবার পৌঁছে দেওয়াকেই অগ্রাধিকার দিচ্ছেন সালমান খান, যাতে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তারা প্রয়োজনীয় খাদ্য সহায়তা পান।
খাদ্যসামগ্রীর পাশাপাশি বিতরণ করা হচ্ছে স্যানিটারি প্যাড, মশার কয়েল, বিশুদ্ধ পানীয় জল এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
পরিকল্পনার দ্বিতীয় ধাপে আগামী সপ্তাহ থেকে বন্যাকবলিত মানুষের মধ্যে রেশনসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে।
আর তৃতীয় ও শেষ ধাপে বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল ও হাসপাতাল পুনর্নির্মাণে সহায়তা করবে ‘বিয়িং হিউম্যান’।
এদিকে গত ২৫ জুলাই আসামের বন্যাদুর্গত মানুষের সহায়তায় আয়োজিত এক ইনস্টাগ্রাম লাইভ চ্যারিটি কনসার্টে অংশ নেন আসামের জনপ্রিয় সংগীতশিল্পী পাপন। তার সঙ্গে ছিলেন বিশাল দাদলানি, দিব্যা কুমার ও নীলোৎপল বরা। অনুষ্ঠানে শিল্পীরা বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।

যদিও আসামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবু সংকট এখনো কাটেনি। বর্তমানে প্রায় ৪ লাখ ৪৫ হাজার মানুষ বন্যাকবলিত অবস্থায় রয়েছেন। ৬৩১টি গ্রাম এখনো পানির নিচে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে।
এ ছাড়া বন্যায় ৩৭ হাজার হেক্টরের বেশি কৃষিজমি, হাজারো ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ২ লাখ ৫৬ হাজারের বেশি গবাদিপশুও ক্ষতির মুখে পড়েছে।
