মারধরের পর বাঁধন
তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি : সংগৃহীত
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওবার্তায় ঘটনার বর্ণনা দেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও তাকে হেনস্তার দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে হামলাকারীদের একজন বাঁধনকে দেখিয়ে তাকে ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি নিজেকে ‘ভেনিস ছাত্রলীগের’ কর্মী হিসেবে পরিচয় দিয়ে বাঁধনকে ‘দেশদ্রোহী’ ও ‘জঙ্গি’ বলেও মন্তব্য করেন। পরে সঙ্গে থাকা বাঁধনের ভাই তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
ঘটনার পর প্রকাশিত ভিডিওবার্তায় বাঁধনকে আতঙ্কিত অবস্থায় দেখা যায়। তিনি জানান, হামলার ঘটনায় তার মুখে আঘাত লাগে এবং মুখ ফুলে যায়।
আরও পড়ুন: শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে
ভিডিওবার্তায় বাঁধন বলেন, তিনি ভাইয়ের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাঙালি এসে তার সঙ্গে শারীরিকভাবে হেনস্তা করেন। তার শরীরের ওপর পানি ও কোক ছুড়ে মারা হয়। এ সময় তার ভাইয়ের ছোট শিশুও সঙ্গে ছিল বলে জানান তিনি।
বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তার গায়ে হাত তোলার পাশাপাশি তার ফোন ফেলে দেয় এবং কানের কাছেও আঘাত করে।
তিনি আরও বলেন, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে উল্লেখ করে এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করে। এ সময় তারা পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ও আপলোড করছিল বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?
বাঁধন বলেন, তিনি ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছেন এবং এ বিষয়টি তিনি অস্বীকার করেন না। পাশাপাশি হামলাকারীদের উদ্দেশে তিনি বলেন, তিনি বাংলাদেশ থেকে যে সিনেমাটি নিয়ে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে এসেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেন। তার বাবা দেশের একজন সম্মানিত মন্ত্রী ছিলেন বলেও উল্লেখ করেন অভিনেত্রী। তিনি জানান, রুবাইয়াত হোসেনের সঙ্গে তিনি কাজ করেছেন এবং জুলাইয়ের পরও তার সঙ্গে কাজ করেছেন।
ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বাঁধন বলেন, এ ধরনের আচরণ থেকে বেরিয়ে আসা প্রয়োজন ছিল। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ভবিষ্যতে রাজনৈতিক অবস্থান সুসংগঠিত করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাঁধন ভেনিসের একটি থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন আজমেরী হক বাঁধন। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও তৎকালীন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। ওই রাজনৈতিক অবস্থানের প্রেক্ষাপটেই ভেনিসে তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
