শিরোপার লড়াইয়ে মেসির সামনে যত রেকর্ডের হাতছানি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে লিওনেল মেসির অর্জনের তালিকা এতটাই সমৃদ্ধ যে নতুন রেকর্ড গড়া যেন তার ক্যারিয়ারের স্বাভাবিক অংশ। তবে স্পেনের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ ফাইনালটি হতে পারে তার ক্যারিয়ারের অন্যতম ঐতিহাসিক ম্যাচ। শিরোপা ধরে রাখার লড়াইয়ের পাশাপাশি এই ম্যাচে একাধিক অনন্য রেকর্ড গড়ার সুযোগ রয়েছে আর্জেন্টিনা অধিনায়কের সামনে।
৩৯ বছর ২৫ দিন বয়সে ফাইনালে মাঠে নামতে যাচ্ছেন মেসি। এর মাধ্যমে গোলরক্ষকদের বাইরে বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী ফুটবলারের রেকর্ড গড়বেন তিনি। যদিও সব মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ ফাইনাল খেলার কীর্তিটি এখনও ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের দখলে।
স্পেনের বিপক্ষে এটি হবে মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এর ফলে তিনি আর্জেন্টিনার ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়বেন। এর আগে ডিয়েগো ম্যারাডোনা দুবার ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন। বিশ্ব ফুটবলে কেবল ব্রাজিলের কাফুই এর আগে তিনটি বিশ্বকাপ ফাইনালে অধিনায়কত্ব করেছেন।
আরো পড়ুন: আর্জেন্টিনার ‘অপয়া’ রেফারি এবার ফাইনালে
ফাইনালে আর্জেন্টিনা জয় পেলে মেসির ঝুলিতে যোগ হবে আরও কয়েকটি অনন্য অর্জন। তিনি হবেন বিশ্বকাপ ইতিহাসের প্রথম অধিনায়ক, যিনি দুইবার বিশ্বকাপ শিরোপা জিতবেন। একই সঙ্গে আর্জেন্টিনা ব্রাজিল ও ইতালির পর তৃতীয় দেশ হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। ব্যক্তিগতভাবে টানা দুই বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হওয়ার রেকর্ডও গড়বেন মেসি।
গোলের দিক থেকেও এই ম্যাচ হতে পারে বিশেষ। ফাইনালে একটি গোল করলেই বিশ্বকাপ ফাইনালে গোল করা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হবেন তিনি। বর্তমানে এই রেকর্ডটি সুইডেনের নিলস লিডহোমের দখলে। সেই সঙ্গে এক আসরে তার গোলসংখ্যা দাঁড়াবে আটে, যা ১৯৩০ বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিলের গড়া আর্জেন্টিনার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান হবে।
আর দুটি গোল করতে পারলে মেসি পৌঁছে যাবেন এক বিশ্বকাপে ১০ গোলের মাইলফলকে। ইউরোপের বাইরের কোনো ফুটবলারের জন্য যা হবে প্রথম অর্জন। বিশ্বকাপের এক আসরে ১০ বা তার বেশি গোল করার কীর্তি রয়েছে কেবল জুস্ত ফঁতেন, সান্দর কচিস ও গার্ড মুলারের।
আরো পড়ুন: রেকর্ড দামে বিক্রি হলো পেলের সেই জার্সি
২০২২ সালের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেছিলেন মেসি। এবার স্পেনের বিপক্ষেও গোল করতে পারলে তিনি বিশ্বকাপ ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে দুটি ভিন্ন ফাইনালে গোল করার কীর্তি গড়বেন। আর দুটি গোল করলে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ চার গোলের রেকর্ডে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে আসবেন। হ্যাটট্রিক করতে পারলে সেই রেকর্ডের একক মালিক হবেন আর্জেন্টাইন মহাতারকা।
এছাড়া ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারলে ভাঙতে পারেন আরেকটি ঐতিহাসিক রেকর্ড। বিশ্বকাপজয়ী দলের হয়ে এক আসরে সর্বোচ্চ আট গোলের কীর্তিটি বর্তমানে ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর দখলে। ফাইনালে গোল করে দলকে চ্যাম্পিয়ন করতে পারলে সেই রেকর্ডও নিজের করে নিতে পারেন মেসি।
সব মিলিয়ে স্পেনের বিপক্ষে এই ফাইনাল কেবল একটি শিরোপা নির্ধারণী ম্যাচ নয়। এটি এমন এক মঞ্চ, যেখানে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্নের পাশাপাশি লিওনেল মেসির কিংবদন্তিকে আরো সমৃদ্ধ করার সুযোগও অপেক্ষা করছে।
