কোটি টাকার পাহাড় গড়েও ব্রুনোকে পেল না আর্সেনাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০২:৩৩ পিএম
ফাইল ছবি
ব্রুনো গিমারায়েসকে দলে টানতে বিপুল অঙ্কের প্রস্তাব দিয়েও সফল হতে পারেনি আর্সেনাল। প্রায় ১ হাজার ১৬৪ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়ে অধিনায়ককে ছাড়তে অনীহা জানিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। অধিনায়কের দাম আরও প্রায় ১৬৬ কোটি টাকা বেশি ধরে আর্সেনালের প্রথম প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ক্লাবটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দলে নিতে নিউক্যাসলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে আর্সেনাল। মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রায় ১ হাজার ১৬৪ কোটি টাকার প্রস্তাবও পাঠিয়েছিল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
আর্সেনালের কর্মকর্তাদের ধারণা, ব্রুনোর সর্বোচ্চ মূল্য ১ হাজার ১৬৪ কোটি টাকা। নিউক্যাসল অবশ্য ২৮ বছর বয়সী এই ফুটবলারের জন্য প্রায় ১ হাজার ৩৩০ কোটি টাকা দাবি করছে। দুই পক্ষের মূল্যায়নে তাই এখনো প্রায় ১৬৬ কোটি টাকার ব্যবধান রয়েছে।
ব্রুনোর নিউক্যাসল চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি। ক্লাবটির নতুন কোচ হতে যাওয়া ম্যাথিয়াস ইয়াইসলের অধীনে প্রাক্-মৌসুম প্রস্তুতিতে যোগ দিতে সোমবার স্পেনের লা মাঙ্গায় পৌঁছেছেন তিনি। সেখানে নতুন কোচের সঙ্গে তার প্রথমবারের মতো দেখা হয়েছে।
এর আগে ব্রুনো স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু ব্রাজিলে বিশ্বকাপ-পরবর্তী ছুটি কাটিয়ে তিনি সরাসরি নিউক্যাসলের অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন। তবে গার্ডিয়ানের দাবি, উত্তর লন্ডনের ক্লাবটিতে যাওয়ার আগ্রহের কথা নতুন কোচকে জানাতে পারেন ব্রুনো।
মাইকেল আর্তেতার দলের এবারের দলবদলের অন্যতম প্রধান লক্ষ্য একজন শীর্ষ মানের মিডফিল্ডার। সেই তালিকার ওপরের দিকেই রয়েছেন ব্রুনো। প্রথম প্রস্তাব প্রত্যাখ্যাত হলেও দুই ক্লাবের আলোচনা পুরোপুরি থেমে যায়নি। সমঝোতায় পৌঁছাতে আর্সেনালকে অবশ্য প্রস্তাবের অঙ্ক বাড়াতে হবে।
অ্যান্থনি গর্ডন ও সান্দ্রো টোনালিকে বিক্রি করায় নিউক্যাসলের ওপর এখন আর্থিক চাপও নেই। তাই অধিনায়ককে কম দামে ছেড়ে দেওয়ার কোনো আগ্রহ নেই তাদের। নতুন কোচের অধীনে দল পুনর্গঠনের সময় ব্রুনোর অভিজ্ঞতা ধরে রাখতেই চায় ক্লাবটি। এখন দেখার বিষয়, পছন্দের মিডফিল্ডারকে পেতে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নকে কত খরচ করতে হয়।
