×

ক্রিকেট

রোহিত-স্মিথ নন, হাসানের সবচেয়ে প্রিয় শিকার বিরাট কোহলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

রোহিত-স্মিথ নন, হাসানের সবচেয়ে প্রিয় শিকার বিরাট কোহলি

ছবি: সংগৃহীত

রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে স্টিভ স্মিথ। টেস্ট ক্রিকেটে অনেক বড় তারকাকেই নিজের শিকারে পরিণত করেছেন হাসান মাহমুদ। শুক্রবার সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দুর্দান্ত বোলিংয়ে তুলে নিয়েছেন ছয় উইকেট। তবে এত সাফল্যের মধ্যেও একটি উইকেটের স্মৃতি তার কাছে অন্য সবকিছুর চেয়ে বিশেষ। সেটি ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির। ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় শিকার বেছে নিতে গিয়ে কোহলির নামই বলেছেন বাংলাদেশের এই পেসার।

শুক্রবার (৬ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন হাসান। ক্যারিয়ারের পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি দেশের মাটিতে প্রথমবার ছয় উইকেট শিকারের আনন্দ তখন তার চোখেমুখে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, বাবর আজম, বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা স্টিভ স্মিথের মতো তারকাদের বিপক্ষে সাফল্যের মধ্যে কোন উইকেটটি তার সবচেয়ে প্রিয়। উত্তরে হাসান বলেন, ‘অবশ্যই বিরাট কোহলি উইকেট।’

কোহলিকে আউট করার সেই স্মৃতি ২০২৪ সালের সেপ্টেম্বরের। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু করেছিলেন হাসান। শুরুতেই ফিরিয়েছিলেন রোহিত শর্মা ও শুভমান গিলকে। এরপর তার শিকার হন কোহলি।

ইনিংসের দশম ওভারের তৃতীয় বলে হাসানের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ড্রাইভ করতে গিয়েছিলেন ভারতীয় তারকা। কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। মাত্র ৬ রানেই শেষ হয় কোহলির ইনিংস। হাসানের তৃতীয় শিকারে পরিণত হন ভারতের সাবেক অধিনায়ক। সেদিন শেষ পর্যন্ত ৮৩ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন হাসান। ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছিলেন তিনি।

এরপর আরও অনেক স্মরণীয় মুহূর্ত এসেছে তার ক্যারিয়ারে। গত আগস্টে অস্ট্রেলিয়ার ডারউইনে ৫৫ রানে ছয় উইকেট নেন হাসান। সেই ইনিংসে স্টিভ স্মিথকে আউট করার পর তাকে বিশেষ শিকার হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। তবে এবার পুরো ক্যারিয়ারের প্রিয় উইকেট জানতে চাইলে কোহলিকেই বেছে নিলেন বাংলাদেশের এই পেসার।

অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকও করেছেন হাসান। এবার সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪ ওভারে ৯০ রান দিয়ে ছয় উইকেট নিয়ে দেশের মাটিতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তবে প্রতিটি পাঁচ উইকেটের সাফল্যকেই বিশেষ মনে করেন তিনি। সংবাদ সম্মেলনে হাসান বলেন, ‘টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট তো সবগুলোই বলতে গেলে স্পেশাল। সব জায়গায় চেষ্টা করি নিজের সেরাটা দিয়ে দলের জন্য অবদান রাখতে।’

সিলেটের উইকেট নিয়েও কথা বলেছেন এই পেসার। তার মতে, দিনের শুরুর এক-দুই ঘণ্টা পেসারদের জন্য কিছুটা সহায়ক থাকলেও পরে ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে যায় উইকেট। এমন পরিস্থিতিতে ধারাবাহিকভাবে সঠিক লাইন ও লেংথে বল করেই সাফল্য পেয়েছেন তিনি।

মাত্র ১৯ টেস্টেই পাঁচবার ইনিংসে পাঁচ কিংবা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হাসান। বাংলাদেশের পেসারদের মধ্যে এই অর্জনে এখন তিনিই সবার ওপরে। পেছনে ফেলেছেন চারবার পাঁচ উইকেট নেওয়া শাহাদাত হোসেনকে। তবে এতসব রেকর্ডের মধ্যেও কোহলির উইকেটটি এখনো তাঁর কাছে সবচেয়ে স্মরণীয়। চেন্নাইয়ের সেই সাফল্যই যে আলাদা জায়গা করে নিয়েছে হাসানের মনে, সেটিই আবার জানালেন বাংলাদেশের এই তরুণ পেসার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

প্রধানমন্ত্রী সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দীপিকার পোশাক নিয়ে আপত্তি, শাহরুখকে বয়কটের হুঁশিয়ারি বিজেপি নেতার

দীপিকার পোশাক নিয়ে আপত্তি, শাহরুখকে বয়কটের হুঁশিয়ারি বিজেপি নেতার

রোহিত-স্মিথ নন, হাসানের সবচেয়ে প্রিয় শিকার বিরাট কোহলি

রোহিত-স্মিথ নন, হাসানের সবচেয়ে প্রিয় শিকার বিরাট কোহলি

এবার আক্রান্ত হলে ইউরোপজুড়ে ‘দাবানল’ সৃষ্টির হুঁশিয়ারি ইরানের

এবার আক্রান্ত হলে ইউরোপজুড়ে ‘দাবানল’ সৃষ্টির হুঁশিয়ারি ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App