নুর
জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম
ফাইল ছবি
জামায়াতে ইসলামীকে শুরুতেই রুখে দিতে না পারলে বাংলাদেশে আবারও বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (৬ নভেম্বর) গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্টনে আল-রাজী ভবনের সামনে সড়কে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে নুরুল হক নুর বলেন, ‘যে দল বাংলাদেশের জন্ম ও অস্তিত্বে বিশ্বাস করেনি, তারা এখনো দেশে ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করছে। শুরুতেই তাদের রুখে দিতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশে আরও একটি বিপর্যয় দেখা দিতে পারে।’
তিনি বলেন, ‘জুলাইয়ের পর আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু জামায়াতের মতো উগ্রবাদী দল বাংলাদেশকে ভারতের মতো একটি উগ্র রাষ্ট্রে পরিণত করতে চায়। যারা নব্য ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়, তারাই এখন এক দফার কথা বলছে। তাদের এ অপচেষ্টা রুখে দেওয়া হবে।’
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘ডিসেম্বর আসবে-যাবে। কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না। ধর্মীয় ফ্যাসিবাদী উন্মাদনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।’
তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন এবং ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতির পেছনে জামায়াতের মতো দলের রাজনৈতিক বিস্তারের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। জুলাই-পরবর্তী সময়ে কিছু তরুণ জামায়াতে ইসলামীকে পুনর্বাসনের চেষ্টা করেছেন।’
নুরের অভিযোগ, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির অপপ্রচার ও প্রোপাগান্ডার মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে বাংলাদেশকে একটি উগ্র, ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে।
