জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
সোমবার (৩১ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের ফেসবুক পেজে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান ৩৯ বছর বয়সী মেসি।
পোস্টে আর্জেন্টাইন কিংবদন্তি লেখেন, ‘বিশ্বকাপ ফাইনালের পর এতদিন সময় যাওয়ার পর অনেক ভেবেচিন্তে আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’
অবসরের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না বলেও জানিয়েছেন মেসি। তিনি বলেন, এই সিদ্ধান্ত তাকে এখনো কষ্ট দেয়। তবে সময়ের বাস্তবতা বিবেচনায় জাতীয় দলকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময় বলে মনে করছেন তিনি।
আরও পড়ুন: স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি
মেসি লেখেন, জাতীয় দলের জার্সির জন্য তিনি সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। শুধু সাম্প্রতিক বছরগুলোতে বড় শিরোপা জয়ের সময় নয়, ক্যারিয়ারের শুরু থেকেই আর্জেন্টিনার হয়ে লড়াই করেছেন দেশের মানুষকে আনন্দ দেওয়ার জন্য।
তিনি বলেন, জাতীয় দলের হয়ে খেলার প্রতি তার ভালোবাসা কখনো কমবে না। তবে এখন নতুন প্রজন্মের তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের সুযোগ করে দেওয়ার সময় এসেছে।
দীর্ঘ ২০ বছরের ভালোবাসার জন্য আর্জেন্টিনার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেসি জানান, মাঠে আর খেলতে না পারলেও ভবিষ্যতে একজন সাধারণ সমর্থক হিসেবে দলের পাশে থাকবেন।
মেসি লেখেন, ‘এখন থেকে আমি আপনাদের মতোই একজন হয়ে বাইরে থেকে সব সময় দলকে সমর্থন ও উৎসাহ জুগিয়ে যাব। ভালো সময়ে তো বটেই, খারাপ সময়ে আরও বেশি।’
আরও পড়ুন: শেষদিকের গোলে ঘরের মাঠে হার এড়াল লিভারপুল
আবেগঘন বার্তায় নিজের পরিবার, কোচ, সতীর্থ ও জাতীয় দলের সঙ্গে কাজ করা কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অর্জিত অসংখ্য স্মৃতি সঙ্গে নিয়ে গর্ব ও শান্তির অনুভূতি নিয়ে বিদায় নিচ্ছেন বলেও উল্লেখ করেন মেসি।
সবশেষে নিজের দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে আর্জেন্টিনার এই কিংবদন্তি লেখেন, ‘আমাকে আর্জেন্টাইন হিসেবে সৃষ্টি করার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এগিয়ে যাও আর্জেন্টিনা।’
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপসহ একাধিক বড় শিরোপা জিতেছেন লিওনেল মেসি। জাতীয় দলের জার্সিতে তার বিদায়ের ঘোষণা বিশ্ব ফুটবলে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং কোটি কোটি ভক্তের মনে তৈরি করেছে আবেগের ঢেউ।
