ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:২৬ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছরপূর্তি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির জনগণকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) পাঠানো শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নে যুক্তরাষ্ট্রকে দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।
চিঠিতে তারেক রহমান বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত পাঁচ দশকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি শক্তিশালী ও বহুমাত্রিক অংশীদারিত্ব গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, চলতি বছরের শুরু থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি এসেছে। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
চিঠিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতা ও মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ সংকটে মার্কিন সমর্থন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র আরও সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাবে। একই সঙ্গে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছাবার্তার শেষাংশে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন।
