পুলিশের বিশেষ অভিযানে ৩ মাসে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:৩৯ পিএম
ছবি : ভোরের কাগজ
দেশব্যাপী পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে গত প্রায় তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। একই সময়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। এ সময় বিশেষ অভিযানে ৩৯ হাজার ২৬৭ জন এবং বিভিন্ন মামলা ও নিয়মিত অভিযানে আরো ১ লাখ ২ হাজার ৭২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় ২ দশমিক ২৫ কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন : গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৬
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এএইচএম শাহাদাত হোসাইন জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১০১টি পিস্তল, ৯২টি বন্দুক, ৩৮টি এলজি, ৩৫টি শুটারগান, ১৯টি রিভলভার, ১৫টি পাইপগান, ১২টি এয়ারগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি এবং একটি পেনগান।
এদিকে একই সময়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০টি পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ এবং ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে এবং মাদক-সংশ্লিষ্ট অপরাধে ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
