বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জনের ঘোষণা অরুন্ধতী রায়ের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম
ভারতের খ্যাতনামা লেখক অরুন্ধতী রায়। ছবি : সংগৃহীত
ভারতের খ্যাতনামা লেখক অরুন্ধতী রায় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। গাজা যুদ্ধ নিয়ে উৎসবের জুরি সদস্যদের বিতর্কিত মন্তব্যের কারণে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়্যার-এ প্রকাশিত এক নিবন্ধে রায় বলেছেন, জুরির কয়েকজন সদস্যের বক্তব্য অগ্রহণযোগ্য। বিশেষ করে জুরি বোর্ডের চেয়ারম্যান, জার্মান নির্মাতা উইম ভেন্ডার্স যখন বলেন, শিল্পকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত, তখন তিনি বিস্মিত হয়েছেন।
তিনি বলেন, শিল্পকে রাজনীতি থেকে আলাদা রাখার কথা বলা মানে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আলোচনা বন্ধ করে দেওয়া। তিনি গাজায় ঘটছে এমন পরিস্থিতি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা হিসেবে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ কয়েকটি ইউরোপীয় দেশ এই যুদ্ধে সমর্থন ও অর্থায়ন প্রদান করছে।
উৎসবের এক আলোচনায় জার্মান সরকারের গাজা ইস্যুতে অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে উইম ভেন্ডার্স বলেন, চলচ্চিত্র নির্মাতাদের রাজনীতিতে জড়ানো উচিত নয় এবং শিল্পীরা রাজনীতিবিদদের কাজ করবেন না।
আরো পড়ুন : সামরিক সক্ষমতা বাড়াতে রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র কিনছে ভারত
আরেক জুরি সদস্য, পোলিশ প্রযোজক ইভা পুশ্চিন্সকা মন্তব্য করেন, বিভিন্ন দেশে অনেক যুদ্ধ হচ্ছে, কিন্তু সব নিয়ে সমানভাবে আলোচনা হয় না। তিনি মনে করেন, সরকারের সিদ্ধান্তের দায় চলচ্চিত্র নির্মাতাদের ওপর চাপানো ঠিক নয়।
অরুন্ধতী রায়ের ১৯৮৯ সালের চলচ্চিত্র ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’ ক্লাসিকস বিভাগে প্রদর্শিত হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি উৎসবে অংশ নেবেন না বলে জানিয়েছেন।
জার্মানি যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলে অস্ত্র রপ্তানিকারক বড় দেশগুলোর একটি। গাজা ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ ঠেকাতে জার্মানিতে কঠোর অবস্থানের অভিযোগ রয়েছে। ২০২৪ সালে ৫০০-এর বেশি আন্তর্জাতিক শিল্পী ও সংস্কৃতিকর্মী জার্মান অর্থায়নে পরিচালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ না করার আহ্বান জানিয়েছিলেন।
