মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও আপত্তিকর পোস্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। নিট (NEET) আন্দোলনের সময় ছড়িয়ে পড়া বিতর্কিত কনটেন্টকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পুলিশের উদ্যোগের পর চিহ্নিত বেশিরভাগ ভিডিও, পোস্ট ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
জানা গেছে, দিল্লি পুলিশের একটি বিশেষ সাইবার দল নিয়মিত অনলাইন প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করছে। নতুন করে কোনো আপত্তিকর বা বিতর্কিত কনটেন্ট শনাক্ত হলেই সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের একদিনের মধ্যেই পুলিশের এই সাইবার অভিযানের খবর সামনে আসে। চলতি বছরের মে মাসের শুরুতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) আন্দোলন শুরু করে। প্রায় ৩৭ দিন চলা এ কর্মসূচি গত শনিবার (২৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়।
আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি কেন্দ্রীয় সরকার আরও দুটি গুরুত্বপূর্ণ দাবি মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং আন্দোলনকারী শিক্ষার্থী ও আয়োজকদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর (FIR) প্রত্যাহার।
দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, সরকারের সঙ্গে আলোচনায় নির্ধারিত শর্তগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পরই তারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
সাবেক আম আদমি পার্টি (এএপি) কর্মী অভিজিৎ দিপকের প্রতিষ্ঠিত দলটি গত ২০ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করছিল। পরে পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক আন্দোলনে যোগ দিলে কর্মসূচিটি আরও ব্যাপকতা পায়।
গত ২০ জুলাই ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে পরবর্তী সময়ে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতা হওয়ায় আন্দোলনের ইতি ঘটে।
সূত্র: এনডিটিভি।
