×

আন্তর্জাতিক

ইতিহাস গড়ল স্পেসএক্স, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হচ্ছেন মাস্ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৮:৪৪ এএম

ইতিহাস গড়ল স্পেসএক্স, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হচ্ছেন মাস্ক

ছবি : সংগৃহীত

মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক শেয়ার বিক্রি (আইপিও) করেছে। কোম্পানিটি প্রতি শেয়ার ১৩৫ ডলার দরে বিক্রি করে ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে, যা বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় আইপিও। এই আইপিওর মাধ্যমে আরেকটি মাইলফলকের কাছাকাছি পৌঁছে গেলেন কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক। বর্তমান দর ঠিক থাকলে তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারের খাতায় নাম লেখাবেন।

স্পেসএক্সের ৫৫ কোটি ৫৫ লাখ ৬০ হাজার শেয়ার বাজারে ছাড়া হয়েছে। এর ফলে কোম্পানিটির মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলার, যা কোনো আইপিওর ক্ষেত্রে নতুন রেকর্ড।

রয়টার্স গত সপ্তাহে জানিয়েছিল যে সংস্থাটি শেয়ারের দাম ১৩৫ ডলার নির্ধারণ করছে।

স্পেসএক্সের এই আইপিও সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর আগের রেকর্ড ভেঙে দিয়েছে। ২০১৯ সালে আরামকো ২৫ দশমিক ৬ বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল।

শুক্রবার প্রযুক্তিনির্ভর নাসডাক শেয়ারবাজারে লেনদেন শুরু হলে স্পেসএক্স যুক্তরাষ্ট্রের সপ্তম বৃহত্তম তালিকাভুক্ত কোম্পানিতে পরিণত হবে। কোম্পানিটির মূল্যায়ন ইতোমধ্যে জেপি মরগান চেজ, বার্কশায়ার হ্যাথওয়ে, এলি লিলি, মেটা ও টেসলার মতো প্রতিষ্ঠানের চেয়েও বেশি।

বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে লেনদেন শুরুর পর প্রকৃত পরীক্ষা শুরু হবে। নিউইয়র্কভিত্তিক ৫০ পার্ক ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী অ্যাডাম সারহান বলেন, প্রথম দিনের পারফরম্যান্সের চেয়ে পরবর্তী কয়েক সপ্তাহে পুঁজিবাজার কীভাবে শেয়ারটি গ্রহণ করে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

বাজার বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, কোম্পানিটির শেয়ার দর অনেক বেশি। কারণ প্রতিষ্ঠানটি এখনও ব্যাপক মুনাফা অর্জন করতে পারেনি। এছাড়া এর আয়ের বড় অংশ আসে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা থেকে।

স্পেসএক্স জানিয়েছে, গত সপ্তাহে তারা গুগল ক্লাউডের সঙ্গে বহু বছরের ক্লাউড সেবা চুক্তি করেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রসেসিং সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

২০০২ সালে প্রতিষ্ঠিত স্পেসএক্সের লক্ষ্য মানবজাতিকে বিভিন্ন গ্রহে বসবাসের উপযোগী করা। কোম্পানির দাবি, তাদের সম্ভাব্য বাজারের আকার ২৮ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার, যা মানব ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান।

বর্তমানে স্পেসএক্সের স্টারলিংক সেবা বিশ্বের ১৬৪টি দেশ ও অঞ্চলে কোটি কোটি গ্রাহককে ইন্টারনেট সংযোগ দিচ্ছে।

স্পেসএক্সের দাবি, গত তিন বছরে পৃথিবীর কক্ষপথে পাঠানো মহাকাশযান, উপগ্রহ ও অন্যান্য সরঞ্জামের মোট ৮০ শতাংশেরও বেশি তাদের রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে।

তবে এত বড় মূল্যায়নের সঙ্গে ঝুঁকিও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কোম্পানিটির আয় এখনো উল্লেখযোগ্যভাবে সরকারি চুক্তির ওপর নির্ভরশীল। পাশাপাশি জেফ বেজোসের ব্লু অরিজিনের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান মহাকাশ বাণিজ্য ও সরকারি চুক্তির বাজারে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে।

করপোরেট নিয়ন্ত্রণের ক্ষেত্রেও মাস্কের প্রভাব প্রায় একচ্ছত্র থাকবে। আইপিওর পরও তার হাতে থাকবে কোম্পানির প্রায় ৮২ শতাংশ ভোটাধিকার, যা তাকে স্পেসএক্সের সিদ্ধান্ত গ্রহণে প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ দেবে।

বিনিয়োগ বিশ্লেষকদের ধারণা, শুক্রবার লেনদেন শুরু হলে শেয়ারের দাম ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেলে তা মূলত বিনিয়োগকারীদের অতিরিক্ত উচ্ছ্বাসের প্রতিফলন হবে বলে মনে করছেন তারা।

গোল্ডম্যান স্যাকস, মরগ্যান স্ট্যানলি, ব্যাংক অব আমেরিকা, সিটিগ্রুপ এবং জেপি মরগ্যান এই ঐতিহাসিক আইপিওর যৌথ ব্যবস্থাপক হিসেবে কাজ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App