যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় থাকা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবি জানাতে সুইজারল্যান্ডে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, কিছুক্ষণের মধ্যেই প্রতিনিধি দলটি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে। খবর আল-জাজিরার
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সুইজারল্যান্ডে আলোচনার টেবিলে তারা অপর পক্ষের (যুক্তরাষ্ট্র) প্রতিশ্রুতি পূরণের ওপর জোর দেবেন। একই সঙ্গে ওয়াশিংটন তাদের অঙ্গীকারগুলো কীভাবে বাস্তবায়ন করার পরিকল্পনা করছে, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে।
ইরানি মুখপাত্র আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানায়, তবে ইরান বসে থাকবে না। সেক্ষেত্রে নিজেদের স্বার্থ রক্ষায় তেহরান প্রয়োজনীয় ও উপযুক্ত পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।
