×

আন্তর্জাতিক

দাবানলে পুড়ছে স্পেন, প্রাণ গেল ১২ জনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:২৫ পিএম

দাবানলে পুড়ছে স্পেন, প্রাণ গেল ১২ জনের

ছবি: সংগৃহীত

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ আলমেরিয়ার লস গালিয়ার্দোস এলাকায় ভয়াবহ দাবানলের তাণ্ডবে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতে অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন আরো ছয়জন।

আন্দালুসিয়া আঞ্চলিক সরকার এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিহতদের কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বিদ্যুৎ লাইন ছিঁড়ে পড়ার পর আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে স্পেনসহ দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। তীব্র এই গরমে একের পর এক এলাকায় দাবানল ছড়িয়ে পড়ছে। বর্তমানে ফ্রান্স, পর্তুগাল ও স্পেনে শত শত দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছেন। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যে হাজার হাজার মানুষকে ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আন্দালুসিয়া সরকারের প্রধান হুয়ানমা মোরেনো ঘটনাটিকে ‘মর্মান্তিক ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

এদিকে, বেদার গ্রামের কাছে প্রায় ১৫০ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। আহতদের মধ্যে একজন ধোঁয়ায় শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আরেকজন দগ্ধ হয়েছেন। এ ছাড়া চারজনকে ঘটনাস্থলেই সামান্য দগ্ধ হওয়া ও ধোঁয়ায় শ্বাসকষ্টের চিকিৎসা দেওয়া হয়েছে।

দাবানলের কারণে কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি সেবার তথ্য অনুযায়ী, প্রায় এক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গত মে মাসে ঘোষণা দিয়েছিলেন, চলতি গ্রীষ্মে দাবানল মোকাবিলায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হবে। এদিকে বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত স্পেনের সামরিক জরুরি ইউনিটও লস গালিয়ার্দোসে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।

চলতি বছরের জুনে স্পেনে ১৯৫০ সালের পর সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়। ওই মাসের কয়েক দিনে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাসও দেওয়া হয়েছিল।

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, গত বছর স্পেনে প্রায় ৩ লাখ ৯৩ হাজার হেক্টর বনভূমি পুড়ে যায়। ২০০৬ থেকে ২০২৪ সালের গড়ের তুলনায় এই ক্ষয়ক্ষতির পরিমাণ ছয় গুণেরও বেশি।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ছে। ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। সেখানে বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাই ভবিষ্যতে ইউরোপজুড়ে দাবানল আরও ঘন ঘন এবং আরও ভয়াবহ আকারে দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন তারা।

সূত্র: বিবিসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪২৫

রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪২৫

দাবানলে পুড়ছে স্পেন, প্রাণ গেল ১২ জনের

দাবানলে পুড়ছে স্পেন, প্রাণ গেল ১২ জনের

চলমান দুর্যোগে প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

চলমান দুর্যোগে প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

ভেনেজুয়েলায় মৃত্যু বেড়ে ৩৮৮৯, বাড়ছে চরম স্বাস্থ্যঝুঁকি

ভেনেজুয়েলায় মৃত্যু বেড়ে ৩৮৮৯, বাড়ছে চরম স্বাস্থ্যঝুঁকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App