সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:২৬ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত
সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার লক্ষ্যে একটি ঐতিহাসিক সহযোগিতা চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছর মেয়াদি এই চুক্তির আওতায় ভবিষ্যতে সৌদি আরব নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ পেতে পারে। কয়েক হাজার কোটি ডলার মূল্যের এ প্রকল্পের লক্ষ্য হলো সৌদির পারমাণবিক অবকাঠামো নির্মাণে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব নিশ্চিত করা এবং বিদেশি প্রতিদ্বন্দ্বীদের বাইরে রাখা।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে এই কর্মসূচি পরিচালিত হলে পারমাণবিক প্রযুক্তির অপব্যবহারের ঝুঁকি কমবে। একই সঙ্গে সৌদি আরবের পারমাণবিক কার্যক্রম যেন সামরিক বা অস্ত্র উন্নয়ন কর্মসূচিতে ব্যবহার না হয়, তা পর্যবেক্ষণেও যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা থাকবে।
আরো পড়ুন: ইরানে ফের মার্কিন হামলা, তেহরানজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
তবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রযুক্তির বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন আইনপ্রণেতাদের একটি অংশ আশঙ্কা প্রকাশ করে বলছেন, অঞ্চলের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতিতে সৌদি আরবের পারমাণবিক সক্ষমতা সম্প্রসারণ নতুন ঝুঁকি তৈরি করতে পারে।
আরো পড়ুন: গোপন ভিডিও ফাঁসে ফেঁসেছেন যেসব বিশ্বনেতা
আগামী কয়েক দিনের মধ্যে চুক্তিটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হবে। সেখানে এটি নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট আই
