×

আন্তর্জাতিক

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ এএম

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

ক্লাস্টার ওয়ারহেড-যুক্ত ইরানি ক্ষেপণাস্ত্র জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের শত্রুঘাঁটিগুলোর ওপর বৃষ্টির মতো আছড়ে পড়ছে। ছবি: সংগৃহীত

ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে জর্দানে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। পাল্টাপাল্টি এই হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরই ধারাবাহিকতায় ইরানি তেলবাহী জাহাজে মার্কিন হামলা এবং জর্দানে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত দুই দিনে ইরান দুবার একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টা করে। এর প্রতিক্রিয়ায় ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়।

সেন্টকমের তথ্য অনুযায়ী, ওমান উপসাগরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট চারটি তেলবাহী ট্যাংকারকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। এ ছাড়া ইরানের উপসাগরীয় উপকূলের কাছে খার্গ দ্বীপের পাশেও একটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

মার্কিন হামলার পর জর্দানে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জর্দানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি ভূপাতিত করেছে। বাকি দুটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে।

জর্দানের এক সামরিক মুখপাত্র বলেন, ক্ষেপণাস্ত্র দুটি জনবসতিহীন এলাকায় পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে সেন্টকমের দাবি, ইরানের হামলার লক্ষ্য ছিল একটি মার্কিন নৌযুদ্ধজাহাজ। তবে মার্কিন বাহিনী হামলাটি এড়িয়ে যেতে সক্ষম হয়েছে। এতে কোনো মার্কিন সেনা আহত হয়নি বলেও জানিয়েছে ওয়াশিংটন।

তেলবাহী জাহাজ ছাড়তে হুঁশিয়ারি

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের নৌবাহিনী কুয়েত ও বাহরাইনের বন্দরে থাকা যুক্তরাষ্ট্রসংশ্লিষ্ট তেলবাহী জাহাজগুলোর ক্রুদের দ্রুত জাহাজ ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

ইরানি বাহিনী সতর্ক করে বলেছে, বন্দরে নোঙর করা কিংবা বন্দরের ভেতরে থাকা—উভয় ধরনের যুক্তরাষ্ট্রসংশ্লিষ্ট তেলবাহী জাহাজই হামলার লক্ষ্যবস্তু হতে পারে। ফলে উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

‘ছায়া নেটওয়ার্কের’ বিরুদ্ধে ব্যবস্থা: যুক্তরাষ্ট্র

পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলার ব্যাখ্যায় যুক্তরাষ্ট্র বলেছে, জাহাজগুলো একটি ‘বহু বিলিয়ন ডলারের ছায়া নেটওয়ার্কের’ অংশ। ওয়াশিংটনের দাবি, এই নেটওয়ার্ক ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং তাদের আঞ্চলিক সহযোগীদের অর্থায়নে ভূমিকা রাখে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান যতবার মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা চালাবে কিংবা হামলার চেষ্টা করবে, ততবারই ইরান তেলবাহী ট্যাংকার হারাবে।

তার এই মন্তব্যে দুই দেশের মধ্যে চলমান সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সর্বশেষ মার্কিন হামলার অন্যতম লক্ষ্য ছিল খার্গ দ্বীপ। ইরানের তেল রপ্তানির ক্ষেত্রে দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির প্রধান তেল রপ্তানি টার্মিনালও সেখানে অবস্থিত।

আরও পড়ুন: ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইরানের অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ মূল ভূখণ্ড থেকে পাইপলাইনের মাধ্যমে খার্গ দ্বীপে এনে সেখান থেকে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়। ফলে দ্বীপটির আশপাশে হামলা হলে তা ইরানের তেল রপ্তানি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ—দুই ক্ষেত্রেই বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

আন্তর্জাতিক তেলবাজারে প্রভাব

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক তেলবাজারেও পড়েছে। এশিয়ার বাজারে দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪১ ডলারে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৫৫ ডলারে পৌঁছায়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বাড়লে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে।

এক সপ্তাহে বেড়েছে পাল্টাপাল্টি হামলা

এর আগে গত ৫ সেপ্টেম্বরও যুক্তরাষ্ট্র তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছিল। তার আগে ইরান একটি মার্কিন বিমানবাহী রণতরি এবং একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারে হামলার চেষ্টা করেছিল বলে দাবি করে ওয়াশিংটন।

সব মিলিয়ে গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন করে এই সামরিক উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজারের জন্যও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

কয়েক মাসের তুলনামূলক স্থিতিশীলতার পর দুই দেশের মধ্যে সংঘাত আবারও তীব্র হওয়ায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটিই এখন আন্তর্জাতিক মহলের অন্যতম প্রধান নজর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App