মোদির নৈশভোজে কেন গেলেন না শি জিনপিং
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ এএম
ছবি : সংগৃহীত
ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে বৈঠকের পর মোদির দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেননি তিনি। সম্মেলন ও বৈঠকের ব্যস্ততা শেষে হোটেলে ফিরে বিশ্রাম নেন চীনের প্রেসিডেন্ট।
শনিবার রাতে নয়াদিল্লির ভারত মণ্ডপমে ব্রিকসের সদস্য ও আমন্ত্রিত রাষ্ট্রনেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন মোদি। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বেশির ভাগ রাষ্ট্রনেতা অংশ নিলেও জিনপিংকে সেখানে দেখা যায়নি।
চীনা প্রেসিডেন্টের নৈশভোজে না যাওয়ার বিষয়ে তার প্রতিনিধিদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দিনভর ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া এবং দ্বিপক্ষীয় বৈঠকের পর বিশ্রামের জন্য তিনি হোটেলে ফিরে যান।
শনিবার দুপুর ১২টার কিছু আগে দিল্লিতে পৌঁছান শি জিনপিং। ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। প্রায় সাত বছর পর ভারত সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট। দুই দিনের সফরে তার মূল উদ্দেশ্য ছিল ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া।
এদিকে, জিনপিংয়ের পাশাপাশি নৈশভোজে উপস্থিত ছিলেন না সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিও। দেশটির পক্ষে সম্মেলনে অংশ নেওয়া আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ সম্মেলন শেষে ব্যস্ততার কারণে নিজ দেশে ফিরে যান।
তবে নৈশভোজে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অন্যান্য আমন্ত্রিত রাষ্ট্রনেতা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব ও শিবরাজ সিং চৌহান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লোকসভার স্পিকার ওম বিড়লাসহ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও নৈশভোজে যোগ দেন। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ছিলেন। তারা সংসদ ভবন থেকে দুটি বাসে করে ভারত মণ্ডপমে পৌঁছান।
শনিবার শুরু হওয়া ব্রিকস সম্মেলন শেষ হচ্ছে রোববার। এবারের সম্মেলনে ব্রিকসের ১১টি সদস্যদেশ এবং ১০টি সহযোগী দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সূত্র: আনন্দবাজার
