×

মধ্যপ্রাচ্য

নির্বাচনে অচলাবস্থা, ইসরায়েলে সরকার গঠনের চার উপায়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম

নির্বাচনে অচলাবস্থা, ইসরায়েলে সরকার গঠনের চার উপায়

ইসরায়েলের ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট (বাম) এবং লিকুদ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডান)। ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে নতুন সরকার গঠন নিয়ে দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের মধ্যপন্থী ইয়াশার পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোট কেউই ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি।

এ অবস্থায় নতুন সরকার গঠনের জন্য চারটি সম্ভাব্য পথ সামনে এসেছে। তবে রাজনৈতিক ও আদর্শিক বিভক্তির কারণে কোনো পথই সহজ নয়। আগামী ১২ সপ্তাহের মধ্যে দলগুলো সমঝোতায় পৌঁছাতে না পারলে আবারও নির্বাচনে যেতে হতে পারে ইসরায়েলকে।

বিরোধীদের সরকার গঠন

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সবচেয়ে সম্ভাবনাময় পথ হতে পারে আরব দলগুলোর সঙ্গে সমঝোতা করে বিরোধীদের সরকার গঠন। তবে এ পথের সবচেয়ে বড় বাধা বিরোধী জোটেরই কয়েকজন নেতার আপত্তি।

সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান আরব দল জয়েন্ট লিস্ট ও রা’আমের সমর্থননির্ভর কোনো সরকারে যেতে রাজি নন। সরকারে সরাসরি অংশ নেওয়া কিংবা বাইরে থেকে সংখ্যালঘু সরকারকে সমর্থন কোনোটিই তারা গ্রহণ করতে চান না। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এ বিষয়ে তাদের অবস্থান আরও কঠোর হয়েছে।

ইসরায়েলের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একবার কোনো আরব দল সরাসরি সরকারে অংশ নিয়েছিল। ২০২১ সালে রা’আমসহ আটটি দলের জোট নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে সক্ষম হলেও এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে সেই সরকারের পতন ঘটে।

বিরোধীরা সরকার গঠন করতে না পারলেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে স্পিকারসহ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনতে পারে। এতে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকা নেতানিয়াহুর ক্ষমতা সীমিত করা সম্ভব হতে পারে। তবে তাকে সরিয়ে নতুন সরকার গঠনের সমীকরণ এখনো জটিল।

জাতীয় ঐক্যের সরকার

দ্বিতীয় সম্ভাবনা হলো দুই জোট ভেঙে জাতীয় ঐক্যের সরকার গঠন। এ ক্ষেত্রে নেতানিয়াহুর লিকুদ পার্টির পাশাপাশি তার বর্তমান জোটের কয়েকটি দল এবং বিরোধী জোটের অন্তত একটি দলকে একসঙ্গে আসতে হবে।

ধারণা করা হচ্ছে, নেতানিয়াহু কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে বাদ দিতে রাজি হতে পারেন। তবে অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এবং অতি-ধর্মীয় দলগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান না তিনি।

অন্যদিকে, আইজেনকোট নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠনে বসার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আগ্রহী অনেক ইসরায়েলির কাছে অবস্থান পরিবর্তন করে তার সঙ্গে জোট করা বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হতে পারে।

বিরোধী দল থেকে সদস্য ভাঙিয়ে সরকার

তৃতীয় পথ হতে পারে বিরোধী জোটের দল বা ব্যক্তিগত সংসদ সদস্যদের নেতানিয়াহুর পক্ষে নিয়ে আসা। তবে বিরোধী জোটের চার নেতা আইজেনকোট, বেনেট, লিবারম্যান ও ইয়ার গোলান কেউই নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠনে রাজি নন বলে জানিয়েছেন।

এ ছাড়া সরকার গঠনের জন্য নেতানিয়াহুর জোটকে আরও আটটি আসনের সমর্থন প্রয়োজন। ফলে বিরোধী পক্ষ থেকে অন্তত আটজন সংসদ সদস্যকে নিজেদের পক্ষে আনা কঠিন হতে পারে।

আবারও নির্বাচন

সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে ইসরায়েলকে আবার নির্বাচনের মুখোমুখি হতে হবে। এর আগে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ পার্লামেন্টে নির্বাচিত দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করবেন। এরপর তাদের একজনকে সরকার গঠনের দায়িত্ব দেবেন।

প্রথমে দায়িত্ব পাওয়া নেতা সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজন হলে আরও ১৪ দিন সময় বাড়ানো হতে পারে। তিনি ব্যর্থ হলে দ্বিতীয় একজন নেতাকে একইভাবে ২৮ দিন সময় দেওয়া হবে। এরপরও সমাধান না এলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুরোধে প্রেসিডেন্ট তৃতীয় একজনকে দায়িত্ব দিতে পারবেন। সে ক্ষেত্রে সরকার গঠনের জন্য সময় থাকবে ১৪ দিন। সব চেষ্টা ব্যর্থ হলে নতুন নির্বাচন আয়োজন করা হবে।

এই পুরো প্রক্রিয়ায় নেতানিয়াহু তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকতে পারেন। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে তিনি অপেক্ষা করার সুযোগ পাচ্ছেন। প্রথমে আইজেনকোট সরকার গঠনের দায়িত্ব পেয়ে ব্যর্থ হলে সেই দায়িত্ব নেতানিয়াহুর হাতে আসতে পারে। তিনিও ব্যর্থ হলে রাজনৈতিক অচলাবস্থা আরও দীর্ঘ হতে পারে। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী বসন্তের আগে নতুন নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। তবে এবারের ফলাফল ইসরায়েলকে আবারও রাজনৈতিক অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছে। এমনটি হলে আট বছরের মধ্যে দেশটিতে সপ্তমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল দলে পাঁচ নতুন মুখ, আছেন ভিনিসিয়ুস-এনদ্রিক

ব্রাজিল দলে পাঁচ নতুন মুখ, আছেন ভিনিসিয়ুস-এনদ্রিক

নদীর ৫০ গজ দূরে তাহসিফ সৌরির মোটরসাইকেল উদ্ধার

নদীর ৫০ গজ দূরে তাহসিফ সৌরির মোটরসাইকেল উদ্ধার

তিন ফরম্যাটেই একাধিক সেঞ্চুরির রেকর্ড ইংলিসের, ‘এলিট লিস্টে’ আছেন যারা

তিন ফরম্যাটেই একাধিক সেঞ্চুরির রেকর্ড ইংলিসের, ‘এলিট লিস্টে’ আছেন যারা

শাহরুখের জন্মদিনে ভক্তদের জন্য দুঃসংবাদ!

শাহরুখের জন্মদিনে ভক্তদের জন্য দুঃসংবাদ!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App