ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার পর মক্কা-জেদ্দায় সতর্কতা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা, জেদ্দা ও তাইফ গভর্নরেটে সম্ভাব্য হামলার আশঙ্কায় সাময়িক সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে অল্প সময়ের মধ্যেই এসব সতর্কতা প্রত্যাহার করা হয়।
সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত হুথিদের হামলার লক্ষ্যবস্তু হওয়ার পর সৌদি আরবজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শুরুর পর মক্কায় এই প্রথমবারের মতো এমন সতর্কতা জারি করা হলো।
সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, মক্কা, জেদ্দা ও তাইফে জারি করা সতর্কতাগুলো স্বল্প সময়ের মধ্যেই তুলে নেওয়া হয়। তবে ঠিক কী ধরনের সম্ভাব্য হামলার আশঙ্কায় এসব সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর এক দিন আগে ইয়েমেন থেকে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এসব হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে ১৩ জন আহত হন।
সাম্প্রতিক হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা সতর্কতা আরও বাড়ানো হয়েছে।
সূত্র: এএফপি
