×

আন্তর্জাতিক

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি, যুক্তরাষ্ট্রকে দিলেন হুঁশিয়ারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পিএম

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি, যুক্তরাষ্ট্রকে দিলেন হুঁশিয়ারি

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞ মেহরদাদ আখলাঘি কেতাবচি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞ মেহরদাদ আখলাঘি কেতাবচি। দেশটির পার্লামেন্ট রোববার (১৮ অক্টোবর) তাঁর নিয়োগ অনুমোদন করে। দায়িত্ব গ্রহণের পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সতর্ক করে আখলাঘি বলেছেন, ইরান তার প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশটির ওপর হামলা হলে মার্কিন বাহিনীকে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানায়, ৬৮ বছর বয়সী আখলাঘির নিয়োগের পক্ষে পার্লামেন্টে ২৩৭ জন আইনপ্রণেতা ভোট দিয়েছেন। বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র ১৫ জন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক সংঘাতের আশঙ্কা এবং দেশটির প্রতিরক্ষা অবকাঠামো পুনর্গঠনের প্রয়োজনীয়তার মধ্যে তাঁকে এ দায়িত্ব দেওয়া হলো।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করার পর থেকে দেশটির পার্লামেন্টের অধিবেশন অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। ওই হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এরপর থেকে মজিদ ইবনে রেজা ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। নতুন মন্ত্রী নিয়োগের পর তিনি উপপ্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

ক্ষেপণাস্ত্র ও সামরিক প্রযুক্তিতে দীর্ঘ অভিজ্ঞতা

মেহরদাদ আখলাঘি কেতাবচির মূল দক্ষতার ক্ষেত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কঠিন জ্বালানিচালিত রকেট ইঞ্জিন, মহাকাশ ও উড়োজাহাজ প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম উৎপাদন। এর আগে তিনি শাহিদ বাঘেরি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন এবং ডিফেন্স ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। ইরানের সামরিক শিল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে দীর্ঘদিন ধরে যুক্ত থাকার কারণে তিনি আন্তর্জাতিক পর্যায়েও পরিচিত।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ইতালি, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেপ্তার দু’শ

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দশকে ইরানের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রকল্পে সরাসরি যুক্ত ছিলেন আখলাঘি। এসব প্রকল্পের মধ্যে রয়েছে ‘সেজিল’ ও ‘জুলফিকার’ সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ‘আলমাস’ ক্ষেপণাস্ত্র এবং ‘ইয়াসিন’ নামের নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম গাইডেড বোমা। এ ছাড়া সেমনান প্রদেশে অবস্থিত ইমাম খোমেনি স্পেস সেন্টারের অবকাঠামো উন্নয়নেও তাঁর ভূমিকা ছিল।

নতুন দায়িত্বে তাঁর সামনে বড় চ্যালেঞ্জ হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের সামরিক শিল্প পুনর্গঠন এবং উৎপাদন সক্ষমতা আরও বাড়ানো। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উন্নয়ন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার দায়িত্বও তাঁকে সামলাতে হবে।

ইরান আগে হামলা করবে না, তবে প্রতিরোধ করবে: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোতে আখলাঘির ৪২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তাঁর পরিকল্পনাগুলো দেশটির শীর্ষ সামরিক কর্তৃপক্ষ, প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির অনুমোদন পেয়েছে বলেও জানান তিনি।

পার্লামেন্টে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আগে থেকে কারও ওপর আক্রমণ করবে না। তবে দেশটির ওপর হামলা হলে জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তেহরান।

চলতি মাসের শুরুতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই নিক জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির সক্ষমতা বাড়ানোর প্রয়োজন থেকেই আখলাঘিকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সামরিক উৎপাদন সক্ষমতার বড় অংশ ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে তেহরানের বক্তব্য, বোমা হামলার নাগালের বাইরে থাকা বিভিন্ন স্থাপনায় তাদের পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে। পাশাপাশি যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিদ্যমান প্রযুক্তি ও উৎপাদনব্যবস্থাকে আরও উন্নত করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসনকে আখলাঘির হুঁশিয়ারি

নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বক্তব্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সতর্ক করেছেন আখলাঘি। ইরানের পারমাণবিক ও জ্বালানি অবকাঠামোয় ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের হুমকির জবাবে তিনি বলেন, সম্ভাব্য হামলা মোকাবিলায় ইরান প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে।

আরও পড়ুন: সৌদিতে রেড অ্যালার্ট জারি

আখলাঘি বলেন, ‘আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছি। কাজ চালিয়ে যাচ্ছি সম্পূর্ণ নিশ্চিন্তে।’

মার্কিন বাহিনীর নিরাপত্তা নিয়েও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর ভাষ্য, মার্কিন প্রেসিডেন্টকে এখন ভাবতে হবে, কীভাবে এই অঞ্চল থেকে তাঁর বাহিনীকে নিরাপদে ফিরিয়ে নেওয়া হবে।

আখলাঘি আরও বলেন, ‘এখানে একটি বোমা ফেললেও কতজন সেনাকে কফিনে করে ফেরত নিতে হবে, সেটা তিনি নিজেই দেখতে পাবেন।’

তাঁর এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে এবং দেশটির প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সামরিক সক্ষমতা পুনর্গঠনে একাধিক অগ্রাধিকার

দায়িত্ব গ্রহণের পর যুদ্ধকালীন ও যুদ্ধ-পরবর্তী সামরিক প্রয়োজন নির্ধারণে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান জেনারেল আহমেদ ওয়াহিদিসহ শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন আখলাঘি।

বৈঠকে সামরিক শিল্পের দ্রুত বিকাশ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, নতুন ও উদীয়মান প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিক সামরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সেনাসদস্যদের কল্যাণ নিশ্চিত করাকেও অগ্রাধিকার দেওয়ার কথা জানান নতুন প্রতিরক্ষামন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আখাউড়ার ২৯ মন্দিরে পূজা উপলক্ষে উপহার বিতরণ

আখাউড়ার ২৯ মন্দিরে পূজা উপলক্ষে উপহার বিতরণ

জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি, যুক্তরাষ্ট্রকে দিলেন হুঁশিয়ারি

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি, যুক্তরাষ্ট্রকে দিলেন হুঁশিয়ারি

কেউ আঘাত পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, কোনো ভুল করিনি: ইশরাক

কেউ আঘাত পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, কোনো ভুল করিনি: ইশরাক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App