জামায়াত আমির
জুলাই সনদ নিয়ে ছেড়ে কথা বলব না
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:১১ পিএম
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই সনদ’ দেশের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তার দাবি, সরকার এটি বাস্তবায়ন না করে জনগণের রায়ের প্রতি অসম্মান দেখাচ্ছে। এ বিষয়ে জামায়াতে ইসলামী কোনো আপস করবে না বলেও তিনি মন্তব্য করেন।
শুক্রবার (৩ জুলাই) রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল জোন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সর্বশেষ নির্বাচনে জনগণ ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় ভোট দিয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, দেশে ন্যায়বিচার ও সুশাসনের পক্ষে জনসমর্থন তৈরি হলেও পরে সেই গণরায়ের যথাযথ প্রতিফলন ঘটেনি।
জামায়াত আমির বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়ে এখনো সময় শেষ হয়ে যায়নি। সরকারকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ইস্যুতে তাঁদের দল আপস করবে না।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, জামায়াতে ইসলামী সব পর্যায়ের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর মতে, স্থানীয় সরকার নির্বাচন সরকার গঠনের নয়, বরং উন্নয়ন নিশ্চিত করার নির্বাচন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থে কোনো ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করা যাবে না। আত্মীয়-স্বজনের জন্যও বিশেষ সুবিধা না দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে উন্নয়ন ও সুশাসনের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দেন।
