গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে গুলি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:৩২ পিএম
ছবি : সংগৃহীত
খুলনা নগরীতে রাজু হাওলাদার (৩৮) নামে এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও গুলি করার অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, রাজুর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। লবণচরা থানায় তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। তিনি লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার খুলনা নগরীর লবণচরা থানার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় রাজু হাওলাদার পেটে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে কীভাবে বা কখন তিনি গুলিবিদ্ধ হন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পথিমধ্যে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ বলেন, লবণচরা এলাকা থেকে ঢাকায় যাওয়ার পথে কুদির বটতলা এলাকায় অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালানোর খবর পাওয়া গেছে। পরে তারা পুলিশের কাছে সহায়তা চায় এবং পুলিশ নিরাপত্তা দিয়ে অ্যাম্বুলেন্সটি থানা এলাকা পার করে দেয়।
তিনি আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গুলি অ্যাম্বুলেন্সে লেগেছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, রাজুর ওপর গুলির ঘটনা কোথায় এবং কখন ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাওয়া যায় এবং চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
