×

খুলনা

বিএনপি নেতাকে গুলি, একই মঞ্চে আসামি ও পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক, কুষ্টিয়া

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম

বিএনপি নেতাকে গুলি, একই মঞ্চে আসামি ও পুলিশ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বালুঘাটকে কেন্দ্র করে বিএনপি নেতা নাসিরুল ইসলামকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় হওয়া মামলার এক আসামিকে স্থানীয় একটি অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তার সঙ্গে একই মঞ্চে দেখা গেছে। এ ঘটনায় আসামি গ্রেপ্তারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, ৫ জুলাই বিকেলে ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বালু ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন বাহিরচর ইউনিয়নের চর রূপপুর গ্রামের বাসিন্দা নাসিরুল ইসলাম (৫৩)। তিনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং বালু ব্যবসায়ী।

মামলার এজাহার অনুযায়ী, সেদিন বিকেল ৪টার দিকে বালু বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা নাসিরুল ইসলামের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে পিঠে ও পায়ে গুলি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরদিন আহতের ছেলে মাহাফুজুর রহমান বাদী হয়ে ভেড়ামারা থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েলকে প্রধান এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মকলেছুর রহমানকে দ্বিতীয় আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন। এরই মধ্যে গতকাল শনিবার বিকেলে জুনিয়াদহ মাঠে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে মামলার দ্বিতীয় আসামি মকলেছুর রহমানকে অতিথিদের মঞ্চে দেখা যায়। একই মঞ্চে স্থানীয় কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে এসআই আব্দুস সালাম বলেন, ‘আমি অনুষ্ঠানের মঞ্চে ছিলাম। তবে আমার পাশে কে ছিলেন, তা জানি না। মকলেছুর রহমান নামের ওই ব্যক্তিকেও আমি চিনি না।’

অভিযোগের বিষয়ে মকলেছুর রহমান দাবি করেন, ‘আমি এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে আছি।’ তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মাঈদুল ইসলাম রাজিব বলেন, ‘এ মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক।’

আসামিরা জামিনে আছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাঁরা জামিনে আছেন, এমন কোনো তথ্য বা আদালতের কাগজপত্র আমাদের কাছে নেই।’ মামলার বাদী মাহাফুজুর রহমান বলেন, ‘আমার বাবা আগের চেয়ে ভালো আছেন। আমরা মামলা করেছি, এখন আসামিদের গ্রেপ্তার করা পুলিশের দায়িত্ব।’

বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী বলেন, ‘আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ বলছে তাঁরা পলাতক। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’ এ বিষয়ে বক্তব্য জানতে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেয়নি আদালত

হামে শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেয়নি আদালত

‘মাকে হত্যা করেছে বাবা, আমাকে বাঁচাও’!

‘মাকে হত্যা করেছে বাবা, আমাকে বাঁচাও’!

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কাদের এগিয়ে রাখছে সুপারকম্পিউটার?

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কাদের এগিয়ে রাখছে সুপারকম্পিউটার?

হাজার টাকা ধার, ৩৫ বছর পর ২৫ গুণ ফেরত দিলেন বন্ধু

হাজার টাকা ধার, ৩৫ বছর পর ২৫ গুণ ফেরত দিলেন বন্ধু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App