৪ মাস পর ফিরল লেবাননে নিহত শুভর মরদেহ
মসিউর ফিরোজ, সাতক্ষীরা
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি : ভোরের কাগজ
ভাগ্য বদলের আশায় এবং পরিবারের মুখে হাসি ফোটাতে সুদূর লেবাননে পাড়ি জমিয়েছিলেন সাতক্ষীরার কলারোয়ার তরুণ শুভ দাস। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আর জীবিত ফিরতে পারেননি মা-বাবার কাছে। ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হওয়ার ৩ মাস ২৫ দিন পর রোববার সকালে কফিনবন্দি হয়ে তার মরদেহ বাড়িতে ফিরেছে।
শুভ দাসের মরদেহ বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্য ও স্থানীয়দের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত তিন প্রবাসীর একজন ছিলেন ২৩ বছর বয়সী শুভ দাস। তিনি কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের ভ্যানচালক সুরঞ্জন দাস ও ধানচাতাল শ্রমিক শিখা দাসের মেজো ছেলে।
আরও পড়ুন: শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে
প্রসঙ্গত, চলতি বছরের ১২ মে লেবাননের দক্ষিণাঞ্চলের জেবদিন এলাকায় একটি রুটি বহনকারী গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান একই এলাকায় কর্মরত তিন বাংলাদেশি প্রবাসী।
নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম, আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম নাহিদ এবং কলারোয়ার শুভ দাস।
শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মরদেহ গত ২৭ জুন দেশে আনা হয়। তবে নানা জটিলতার কারণে শুভ দাসের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রায় চার মাস সময় লেগে যায়।
শুভ দাসের বাবা সুরঞ্জন দাস বলেন, ‘পরিবারের অভাব-অনটন দূর করতে ছেলেকে জমি ও গবাদিপশু বিক্রি করে এবং ধারদেনা করে লেবাননে পাঠায় আমরা। কিন্তু ভাগ্য বদলের সেই স্বপ্ন তছনছ করে দিল যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ লেবাননে ইজরাইলের মর্মান্তিক ড্রোন হামলা।’
আরও পড়ুন: হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের খুলনাস্থ ওয়েজ অ্যান্ড ওয়েলফেয়ার বোর্ডের সহকারী পরিচালক মঈন আহমেদ জানান, মরদেহ সৎকারের জন্য ৩৫ হাজার টাকা এবং যুদ্ধে নিহত হওয়ার কারণে বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শুভ দাসের পরিবার আর্থিক অনুদান হিসেবে ৩ লাখ টাকা এবং বীমা বাবদ আরও ১০ লাখ টাকা পাবে।
