ইরানে হামলার হুমকি স্থগিত, যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানকে ‘সভ্যতা ধ্বংস’ করে দেওয়ার হুমকি দেওয়ার পর টানটান উত্তেজনার মধ্যে শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আপাতত দুই সপ্তাহের জন্য ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দিয়েছেন।
নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ ও সামরিক হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন। তিনি এটিকে একটি ‘দ্বিমুখী যুদ্ধবিরতি’ হিসেবে উল্লেখ করেন।
তবে এই যুদ্ধবিরতির জন্য একটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করে, তাহলেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে ১০ দফার একটি প্রস্তাব পেয়েছে, যা আলোচনার জন্য কার্যকর ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য চুক্তির পথে বড় বাধাগুলো প্রায় দূর হয়েছে। তিনি বলেন, অতীতের বিতর্কিত বিষয়গুলোর বেশিরভাগ ক্ষেত্রেই দুই দেশ এখন একমত হয়েছে। এই দুই সপ্তাহের সময়কাল চুক্তিকে চূড়ান্ত রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধিত্বের কথা উল্লেখ করে ট্রাম্প এই অগ্রগতিকে স্বাগত জানান। তিনি বলেন, দীর্ঘদিনের এই সমস্যার সমাধানের কাছাকাছি পৌঁছানো তার জন্য সম্মানের এবং এ বিষয়ে সবার মনোযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
