সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৭ এএম
ছবি : সংগৃহীত
সিরিয়ার দিয়ের আল-জোর ও রাজধানী দামেস্ককে সংযুক্তকারী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে।
শনিবার (২৫ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানাকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের আল-সুখনা ও পালমিরা এলাকার মধ্যবর্তী অংশে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় পড়া বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং অন্যটিতে সাধারণ যাত্রীরা ছিলেন।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। গুরুতর আহতদের দ্রুত হমস সামরিক হাসপাতালে স্থানান্তরের জন্য কয়েকটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়।
আরো পড়ুন : লোহিত সাগরে হামলা, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিনের গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সড়ক ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটির বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি আগের তুলনায় অনেক বেশি।
গত বছরের অক্টোবরে দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়া বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিরিয়ায় দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, দেশটিতে প্রাণহানির অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে সড়ক দুর্ঘটনা।
