সচেতনতার বার্তা দিতে ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ (জামালপুর)
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৮ পিএম
ছবি: ভোরের কাগজ
মাদক, জুয়া ও অনলাইন আসক্তি থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌর যুবদলের উদ্যোগে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে হাজরাবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। মাঠের চারপাশে ভিড় করেন শিশু, কিশোর, তরুণ, যুবক, মধ্যবয়সী ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খেলা উপভোগের পাশাপাশি দর্শকদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তাও ছড়িয়ে দেওয়া হয়।
ম্যাচ শুরুর আগে ক্ষুদে সমর্থকদের হাতে ‘মাদককে না বলুন’, ‘জুয়া ও অনলাইন আসক্তি থেকে দূরে থাকুন’, ‘শিশুশ্রম বন্ধ করুন’ এবং ‘প্লাস্টিক বর্জন করুন’ এমন বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড দেখা যায়।
আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা তৈরি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা শেষে গোলশূন্য ড্র হয়।
আর্জেন্টিনা দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন হাজরাবাড়ি পৌর বিএনপির সভাপতি মো. ইসমাইল হোসেন। দলটির অধিনায়ক ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন রাজু এবং ম্যানেজারের দায়িত্বে ছিলেন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিহাব ফেরদৌসি।
অন্যদিকে ব্রাজিল দলের কোচ ছিলেন হাজরাবাড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ তালাত মাহমুদ। দলটির অধিনায়ক ছিলেন পৌর যুবদল নেতা হুমায়ুন আহমেদ এবং ম্যানেজারের দায়িত্ব পালন করেন হাজরাবাড়ি পৌর শ্রমিক দলের সদস্যসচিব মমিনুল ইসলাম মমিন।
হাজরাবাড়ি পৌর বিএনপির সভাপতি মো. ইসমাইল হোসেন বলেন, “বর্তমান সময়ে মাদক, জুয়া ও অনলাইন আসক্তি যুবসমাজের জন্য বড় হুমকি। তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যেই আমাদের এ আয়োজন।”
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ তালাত মাহমুদ বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলে। যুবসমাজকে অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
আয়োজকরা জানান, সমাজে মাদক, জুয়া ও অনলাইন আসক্তির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা এবং তরুণদের খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারায় উৎসাহিত করতেই এ ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
