×

জাতীয়

শব্দদূষণে শীর্ষে গুলশান, বায়ুদূষণে শাহবাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২২, ১১:৫৯ পিএম

রাজধানীতে শব্দদূষণে শীর্ষে আছে গুলশান-২ এলাকা। অন্যদিকে বায়ুদূষণে শীর্ষে আছে শাহবাগ। পরিবেশের এই দুই উপাদান দূষণের নিম্নে রয়েছে সংসদ ভবন এলাকা। তবে তা সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি।

২০২১ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এক বছরে আহসান মঞ্জিল, আব্দুল্লাহপুর, মতিঝিল, শাহবাগ, ধানমণ্ডি-৩২, সংসদ এলাকা, তেজগাঁও, আগারগাঁও, মিরপুর-১০ ও গুলশান-২-এর বায়ু ও শব্দমানের তথ্য-উপাত্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগ্রহ ও বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

ওয়াটার কিপার্স-বাংলাদেশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ ও বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞান বিভাগের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ওই গবেষণা পরিচালনা করেছে।

রবিবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই গবেষণা তথ্য তুলে ধরা হয়। ওয়াটার কিপার্স-বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ ১০টি স্থানের বায়ুমান সূচক অনুযায়ী অবস্থা ‘অস্বাস্থ্যকর’। এসব স্থানে বস্তুকণা ২ দশমিক ৫ পিএমের গড় বার্ষিক উপস্থিতি প্রতি ঘনমিটার বায়ুতে ৭৭ মাইক্রোগ্রাম, যা আদর্শ মানের (১৫ মাইক্রোগ্রাম) চেয়ে ৫ দশমিক ১ গুণ বেশি। এ ছাড়া বস্তুকণা পিএম ১০-এর গড় বার্ষিক উপস্থিতি প্রতি ঘনমিটার বায়ুতে ১০৫ মাইক্রোগ্রাম, যা বার্ষিক আদর্শ মানের (৫০ মাইক্রোগ্রাম) চেয়ে গড়ে ২ দশমিক ১ গুণ বেশি। আর ১০টি স্থানের মধ্যে সর্বোচ্চ বায়ুদূষণ শাহবাগ এলাকায়, সেখানে পিএম ২.৫-এর গড় উপস্থিতি প্রতি ঘনমিটারে ৮৫ মাইক্রোগ্রাম। অর্থাৎ আদর্শ মান থেকে ৫ দশমিক ৬ গুণ বেশি এবং সর্বনিম্ন বায়ুদূষণ জাতীয় সংসদ ভবন এলাকায় পিএম ২ দশমিক ৫ এর গড় উপস্থিতি প্রতি ঘনমিটারে ৭০ গ্রাম। অর্থাৎ আদর্শ মান থেকে ৪ দশমিক ৬ গুণ বেশি।

শব্দদূষণের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, রাজধানীর ১০টি এলাকার মধ্যে গুলশান-২-এ শব্দের সর্বোচ্চ মান এলইকিউ ৯৫ দশমিক ৪৪ ডেসিবল, যা মিশ্র এলাকার জন্য দিনের বেলার জাতীয় আদর্শ মান (৫৫ ডেসিবল) থেকে ১ দশমিক ৭ গুণ বেশি। এর পরের অবস্থান আব্দুল্লাহপুরে, ৯৫ দশমিক ৪৩ ডেসিবল, যা জাতীয় আদর্শ মানের (৬০ ডেসিবল) থেকে ১ দশমিক ৬ গুণ বেশি। অন্যদিকে তেজগাঁও এলাকার সর্বনিম্ন এলইকিউ মান ছিল ৮৯ ডেসিবল, যা জাতীয় আদর্শ মান (৭৫) থেকে ১ দশমিক ১ গুণ বেশি। গবেষণাধীন আওতার মধ্যে সর্বাধিক ১৩২ ডেসিবল শব্দ রেকর্ড করা হয়েছে গুলশান-২ এলাকায় এবং সর্বনিম্ন শব্দ রেকর্ড হয়েছে সংসদ এলাকায় ৩১ দশমিক ৭ ডেসিবল।

সংবাদ সম্মেলনে ওয়াটার কিপার্স সমন্বয়ক শরীফ জামিল বলেন, বিশ্বে এখন মানবিক বিপর্যয়ের প্রধান কারণ পরিবেশদূষণ। তাই বায়ু ও শব্দ দূষণ রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে সামগ্রিক পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ভুক্তভোগী জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাজেটে পরিবেশ খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান তিনি।

দূষণ রোধে সঠিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। তিনি বলেন, দ্রুত ‘নির্মল বায়ু আইন-২০১৯’ পাসের উদ্যোগ নিতে হবে। আইন ও নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরো দায়িত্বশীল হতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা

জবি উপাচার্যের হুঁশিয়ারি সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা

বাত, ব্যাথা ও প্যারালাইসিসের চিকিৎসায় আকুপাংচার

বাত, ব্যাথা ও প্যারালাইসিসের চিকিৎসায় আকুপাংচার

শ্রমিকদের পাওনা মেটানোর নিশ্চয়তা চেয়ে বাংলাদেশ ব্যাংক ও বিডায় আবেদন

শ্রমিকদের পাওনা মেটানোর নিশ্চয়তা চেয়ে বাংলাদেশ ব্যাংক ও বিডায় আবেদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App