বিএনপি-জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০১:৫৪ পিএম
স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী ২৮ অক্টোবর ঢাকার প্রবেশপথ বন্ধ করা হবে না। এখন পর্যন্ত অনিবন্ধিত দল জামায়াতসহ কোনো দলকেই সমাবেশের অনুমতি দেয়া হয়নি। বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে কোনো বাধা দেয়া হবে না। তবে বিএনপি কোথায় সমাবেশ করবে সেই বিষয়ে সিদ্ধান্ত দেবেন ডিএমপি কমিশনার।
বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী ২৮ অক্টোবর ঢাকার প্রবেশপথ বন্ধ করা হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকার প্রবেশপথ কেন বন্ধ করবো? ঢাকার বাইরে থেকে অনেক ব্যবসায়ী, চাকরিজীবী আসেন ঢাকায়। পদ্মা সেতু হওয়ার পর এ ধারা আরো বেড়েছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাইলে কোনো বাধা দেয়া হবে না। বিএনপি যদি শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করতে চায়, তারা করবে। আমরা বলেছি, কোনো বাধা দেব না। এটা গণতান্ত্রিক দেশ। যে কেউ যে কোনো কথা বলতে পারে। আমরা বাধা দেয়ার কেউ না। যদিও এখন পর্যন্ত কোন দলকেই সমাবেশের অনুমতি দেয়া হয়নি। আর এ বিষয়টি ডিএমপি কমিশনার দেখবেন।
তিনি আরো বলেন, ‘আমরা কাউকে অনুমতি দেইনি। বিএনপি সমাবেশের অনুমতি কীভাবে চেয়েছেন সেটা ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানেন। তারা পত্র-পত্রিকার মাধ্যমে, সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছেন, কোথায় কীভাবে কর্মসূচি করবেন। আমরা ওইসব মাধ্যমে জানতে পারছি। সারা দেশ থেকে তারা লোকজন নিয়ে আসবে। যারা যারা বিএনপি করে সবাইকে নাকি ঢাকায় আসতে বলা হয়েছে। এমন হলে তো ঢাকায় জায়গা দেয়া যাবে না। এটা তো এমনিতেই জনবহুল শহর। ফলে পুলিশ কমিশনার বিবেচনা করে দেখবেন কোথায় সমাবেশ করলে ভালো হবে।
তিনি বলেন, আমি সবসময় যা বলে থাকি, সবার অধিকার আছে গণতান্ত্রিক চর্চা করার। তবে একটি নিয়মের মধ্যে করতে হবে। নিয়মের বাইরে গেলে তখন আইনশৃঙ্খলা বাহিনী তাদের বলবেন, আপনারা নিয়ম ভাঙছেন। তারা যদি বলে, আমরা ভাংচুর করবো, অবরোধ করবো। এমন হলে তো কমিশনার তাদের অনুমতি দেবেন না। তাদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে হবে।
