আজ থেকে নতুন সূচিতে অফিস-ব্যাংক
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৭:৩৫ এএম
নতুন সূচিতে অফিস
ঈদের ছুটি শেষে আজ বুধবার (১৯ জুন) থেকে বদলে যাচ্ছে সরকারি অফিসের সূচি। প্রায় দুই বছর আগের মতো সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চলবে অফিস।
সরকারি অফিসের সঙ্গে মিল রেখে এদিন থেকে ব্যাংকে লেনদেনের সময়ও বদলাচ্ছে। লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে ৬টা পর্যন্ত।
ঈদুল আজহা পালিত হয়েছে সোমবার (১৭ জুন)। ঈদের তিন দিনের ছুটি শেষ হয়েছে মঙ্গলবার। ছুটি কাটিয়ে নগরবাসীদের অনেকে ফিরতে শুরু করেছেন।
ছুটি শেষে বুধবার থেকে খুলছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
ঈদের আগেই সরকার ঘোষণা দিয়েছিল অফিস সূচি বদলের। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসসূচি আগের সময়ে ফিরিয়ে আনার সিদ্ধান্ত জানানো হয়।
গত ৩ জুন মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত তুলে ধরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, এতদিন ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস ছিল।
ঈদের ছুটির পর থেকে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস চলবে। দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। শুক্র-শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।
আগে সরকারি কর্মীরা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস করতেন। জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয় করতে ২০২২ সালের ২৪ অগাস্ট থেকে কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি বদলে দেয় সরকার।
নতুন অফিস সূচির সঙ্গে মিল রেখে বুধবার থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। দাপ্তরিক কাজের জন্য ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
আগে ব্যাংকে লেনদেন হয়েছে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এবং অফিস চলেছে বিকেল ৫টা পর্যন্ত।
