সালমান-আনিসুল-জিয়াউল-দীপু মনি রিমান্ডে
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৮:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করে পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজেরকে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে সব আসামির উপস্থিতে এ রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামিদের মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল হককে দুই মামলায় ৫ দিন করে ১০ দিনের, দীপু মনিকে ৪ দিনের ও আ স ম ফিরোজেরকে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন নিউমার্কেট থানার হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
১৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী থেকে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। পটুয়াখালী-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ দশম জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করেন।
