ইসি-এনসিপি বৈঠক
সহিংসতা ও প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব অভিযোগ জানাতে সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে দলটির একটি প্রতিনিধি দল।
বিকেল ৩টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, অ্যাডভোকেট হুমায়রা নুর এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আয়মান রাহাত।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আয়মান রাহাত বলেন, নির্বাচনের সময়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে একের পর এক সহিংস ঘটনার ভিডিও ফুটেজ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি নোয়াখালীর হাতিয়ায় ৩০ জানুয়ারির একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, ফেরি উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে এনসিপি, জামায়াতে ইসলামী ও স্থানীয় জনগণের ওপর বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ সশস্ত্র হামলা চালায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলায় নেতৃত্বদানকারীরা এলাকায় পরিচিত সন্ত্রাসী বলেও দাবি করেন তিনি।
আয়মান রাহাত অভিযোগ করেন, স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে পরদিন আবার মিছিলের ওপর হামলার ঘটনা ঘটে। তাঁর ভাষ্য, হামলাকারীরা প্রকাশ্যে বলেছে, প্রশাসন তাদের পক্ষে রয়েছে। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।
এনসিপির প্রতিনিধি দল বিএনপির একজন শীর্ষ নেতার সাম্প্রতিক বক্তব্য নিয়েও উদ্বেগ জানায়। ব্রিফিংয়ে বলা হয়, বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী দাবি করেছেন—পুলিশ, এনএসআই ও ডিজিএফআইয়ের জরিপের ভিত্তিতে বিএনপির প্রার্থী বাছাই করা হয়েছে। এনসিপির মতে, এই দাবি সত্য হলে নির্বাচনের সময় এসব সংস্থার নিরপেক্ষ ভূমিকা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়।
এ ছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কৃষিঋণ মওকুফ সংক্রান্ত বক্তব্যের পর বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার চিঠি পাঠানোর বিষয়টিও নির্বাচন কমিশনকে অবহিত করা হয়। এনসিপির অভিযোগ, একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা রাজনৈতিক বক্তব্য বাস্তবায়নে উদ্যোগ নিলে তা নির্বাচনী আচরণবিধির পরিপন্থি।
গণভোট ইস্যুতেও কমিশনের দৃষ্টি আকর্ষণ করে এনসিপি। দলটির অভিযোগ, গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—যেকোনো পক্ষকে ঘিরে বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচার চালানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
শেরপুরে জামায়াতের এক নেতার নিহত হওয়ার ঘটনা, নারায়ণগঞ্জে ভোটারদের হুমকি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং নারী রাজনৈতিক কর্মীদের ওপর হামলা ও হয়রানির বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।
ব্রিফিংয়ে আয়মান রাহাত বলেন, নির্বাচন কমিশন আশ্বাস দিলেও বাস্তবে আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। তা না হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আদৌ সম্ভব কি না—সে প্রশ্ন থেকেই যায়।
