বরিশালে পৌঁছেছেন তারেক রহমান: কুরআন তেলাওয়াতে সমাবেশ শুরু
এম.কে. রানা, বরিশাল থেকে
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম
ছবি: সংগৃহীত
দীর্ঘ ২০ বছর পর বরিশালের বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগদিতে বরিশালে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার আগেই বিভাগীয় সমাবেশস্থলে পৌঁছেন তিনি। জনসভাকে কেন্দ্র করে বরিশাল নগরীতে আশপাশের জেলাগুলো থেকে নেতা-কর্মীরা আসায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এদিকে বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লা আমান প্রথম বক্তা হিসেবে বক্তব্য দেন। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক জনসভায় সভাপতিত্ব করছেন। মহানগরের সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল দক্ষিণ জেলার সদস্যসচিব আবুল কালাম শাহীন যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করছেন।

মঞ্চে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দির আহমেদ বীর বিক্রম, চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন জানান, তারেক রহমান বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বেলা ১২টার আগেই বরিশাল স্টেডিয়ামে পৌঁছান। বক্তৃতা শেষে তিনি দুপুর ১টায় ফরিদপুরের উদ্দেশে যাত্রা করবেন।

নদী ও সড়কপথে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি ও ভোলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সকাল থেকেই সমাবেশস্থলে এসেছেন। নারী নেতাকর্মীদের উপস্থিতিও উল্লেখযোগ্য। মঞ্চের সামনে তারা অবস্থান নিয়েছেন। মাঠে নিরাপদ পানির ব্যবস্থা ও মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
২০০১ সালে বেলস পার্ক মাঠে সর্বশেষ নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন খালেদা জিয়া। দীর্ঘ ২৫ বছর পর একই মাঠে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান। এর আগে ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল বিএনপির কর্মীসভায় অংশ নিয়েছিলেন তিনি।
