অবৈধ বার ও জুয়া বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা চেয়ে রিট
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৮:২০ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীসহ সারা দেশে অবৈধ জুয়ার আসর, অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ এবং অবৈধ বার (পানশালা) বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে এ রিট দায়ের করেন।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে রিটে। এতে অবিলম্বে জুয়া, সিসা লাউঞ্জ ও মদের বার বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকা, বিশেষ করে গুলশান, বনানী, ধানমণ্ডি ও উত্তরায় ক্যাফে বা লাউঞ্জের আড়ালে অবৈধ সিসা বার, মাদক ব্যবসা, জুয়া এবং অনুমোদনহীন মদের আসর বেড়ে গেছে। যা সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, দেশে সিসা বা হুক্কা বার পরিচালনায় কোনো বৈধ অনুমতি নেই। বরং আইন থাকা সত্ত্বেও কার্যকর তদারকির অভাবে এসব অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণহীনভাবে বিস্তার লাভ করছে।
