‘পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির সারি মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না?’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
‘জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন পেট্রোল পাম্প একের পর এক বন্ধ হচ্ছে। তেলের জন্য রাস্তায় দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না।’
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে এমন প্রশ্ন করে এর সমাধান জানতে চান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাছনাত আব্দুল্লাহ।
সংসদে তিনি বলেন, ‘যা হওয়ার কথা তা ঘটছে না। পাম্পগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, সিলেটের পাম্পও বন্ধ হয়েছে। গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে এবং সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না। সরকার এ বিষয়টি এড়িয়ে যাচ্ছে। মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না এই দীর্ঘ সারি?’
এর জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘প্রতিটি পাম্পে যে পরিমান তেল প্রয়োজন তা প্রতিদিন যথাযথভাবে সরবরাহ করা হচ্ছে। তবে ইরানের ঘটনার পর বিক্রি হঠাৎ বেড়ে গেছে। এর ফলে আগে যে তেল এক দিন বা দেড় দিনে বিক্রি শেষ হতো, এখন তা দুই ঘণ্টায় শেষ হচ্ছে। তাই প্যানিক বায়িংয়ের কারণে লাইনে দাঁড়ানো দেখা যাচ্ছে। তবে তেলের সাপ্লাই প্রতিদিন করা হচ্ছে।’
