×

জাতীয়

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক

মাদক রোধ-সেফ সিটি মডেলে সহযোগিতার আশ্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম

মাদক রোধ-সেফ সিটি মডেলে সহযোগিতার আশ্বাস

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এবং দেশটির অভ্যন্তরীণ ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভীর নেতৃত্বে পাকিস্তান প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয়। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং মাদক চোরাচালান প্রতিরোধের ওপর বিশেষ জোর দেওয়া হয়। একই সঙ্গে আধুনিক নগর নিরাপত্তা, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন দুই দেশের মন্ত্রীরা।

আলোচনার শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চলতি বছরের মে মাসে পাকিস্তানের ইন্টেরিয়র মন্ত্রীর সফল বাংলাদেশ সফরের কথা স্মরণ করে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘উক্ত সফরের ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে যে সমঝোতা স্মারক (এম-ও-ইউ) স্বাক্ষরিত হয়েছে, তা সীমান্ত ও সমাজ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি দীর্ঘ ১৪ বছর বিরতির পর চলতি বছরের জানুয়ারি মাস থেকে ঢাকা-করাচি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে উল্লেখ করে তিনি পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের ভিত্তিতে এই সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।’

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের একটি বড় মানবিক সংকট অত্যন্ত গুরুত্বের সাথে উত্থাপন করেন। তিনি জানান, প্রয়োজনীয় পারিবারিক নথিপত্রের (ফ্যামিলি ট্রি) অভাবে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি নাগরিক এবং তাদের পরিবারের সদস্যরা দেশটির ‘কম্পিউটারাইজড ন্যাশনাল আইডেন্টিটি কার্ড’ (সি-নিক) প্রাপ্তিতে জটিলতার সম্মুখীন হচ্ছেন, যার ফলে তারা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টিকে সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এর একটি দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য পাকিস্তানের মন্ত্রীকে বিশেষ অনুরোধ জানান।

নগর নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানের সফল অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির ৪০টিরও বেশি প্রধান শহরে বাস্তবায়িত ‘সেফ সিটি’ উদ্যোগ বাংলাদেশের জন্য অত্যন্ত অনুকরণীয় হতে পারে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিবের বিগত ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের পাকিস্তান সফরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের শহরগুলোকে আরো নিরাপদ করতে তিনি পাকিস্তানের কারিগরি ও কৌশলগত সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা বাড়াতে কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণ প্রদান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় পাকিস্তানের জোরালো ও ধারাবাহিক সমর্থন প্রত্যাশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পাকিস্তানের ইন্টেরিয়র মন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সুবিধাজনক সময়ে এই সফর সম্পন্ন করবেন বলে জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি

ভোলার ৬ রুটে সাময়িকভাবে লঞ্চ চলাচল স্থগিত

ভোলার ৬ রুটে সাময়িকভাবে লঞ্চ চলাচল স্থগিত

হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, নতুন  আক্রান্ত ৯০২

হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০২

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App