জুলাই শহীদ দিবসকে আমরা চেতনায় ধারণ করি : মুক্তিযুদ্ধমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম
ছবি : সংগৃহীত
রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি সম্মান জানিয়ে বর্তমান সরকার তাদের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করেই একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরের জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, ওয়াসিমসহ আত্মত্যাগকারী প্রায় ১ হাজার ৪০০ শহীদের আত্মদান আগামী দিনের গণতন্ত্র সুসংহত করা এবং দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রেরণা হয়ে থাকবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার যেমন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কাজ করছে, তেমনি বিরোধী দলও এ ক্ষেত্রে সহযোগিতা করছে। সরকার ও বিরোধী দলের সমন্বিত প্রচেষ্টায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার
বিরোধী দলের সমালোচনামূলক বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংসদে বিরোধী দলের রাজনৈতিক বক্তব্য তাদের নিজস্ব অবস্থানেরই বহিঃপ্রকাশ।
১৬ জুলাইয়ের তাৎপর্য তুলে ধরে আহমেদ আযম খান বলেন, এটি বেদনা, সংগ্রাম ও প্রতিরোধের একটি ঐতিহাসিক দিন। দুই বছর আগে এই দিনে রংপুরের আবু সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিম আকরামের আত্মত্যাগ জুলাই আন্দোলনকে গণমানুষের আন্দোলনে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার দিনটিকে ‘জাতীয় শহীদ দিবস’ ও ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শেখ হাসিনা ফিরলে গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই শহীদ দিবস উপলক্ষে সকাল থেকেই জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবারের সদস্য এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন স্মরণসভা, দোয়া মাহফিল এবং শহীদ আবু সাঈদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের আয়োজন করে।
